আফগানিস্তানে গত সপ্তাহের অভিযানে শতাধিক নিহত
আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে চলমান লড়াইয়ে গত সপ্তাহে ১১৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে। গতকাল রোববার আফগান কর্তৃপক্ষ এ কথা জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি বলেন, নিহত ১১৭ জনের মধ্যে ৩৬ জন বেসামরিক লোক, ২০ জন পুলিশ ও ৬০ জনের বেশি জঙ্গি রয়েছে। এ ছাড়া বিভিন্ন হামলায় ১০০ জন বেসামরিক লোক, ৩৯ জন পুলিশ কর্মকর্তা ও ১২ জনের বেশি জঙ্গি আহত হয়েছে। বাশারি জানান, বেশির ভাগ জঙ্গি নিহত হয়েছে তালেবানের বিরুদ্ধে আফগান ও বিদেশি বাহিনী পরিচালিত অভিযানে। এ অভিযান উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে চালানো হয়। একই সময়ে ন্যাটো ও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর নয়জন সেনা নিহত হয়েছে। বর্তমানে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের এক লাখ ২৬ হাজার সেনা আফগানিস্তানে মোতায়েন আছে। তারা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে। আগস্ট মাসের মধ্যে এই সেনার সংখ্যা বেড়ে দাঁড়াবে এক লাখ ৫০ হাজার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আগামী বছরের মাঝামাঝি নাগাদ যুক্তরাষ্ট্র সে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করতে চায়। তবে নতুন সেনা মোতায়েনের উদ্দেশ্য হলো আফগান সেনা ও পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। এএফপি।