আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার প্রদেশের গভর্নরের কার্যালয়ের প্রাঙ্গণে গতকাল শনিবার বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে ওই বন্দুকযুদ্ধ চলে। এতে দুজন হামলাকারী ও দুজন নিরাপত্তাকর্মী নিহত হন। তবে গভর্নর অক্ষত রয়েছেন। গভর্নর তুরিয়ালাই উইসার জানান, কম্পাউন্ডে কড়া নিরাপত্তা থাকলেও হামলাকারীরা তাদের পায়ের স্যান্ডেলের নিচে ছোট ছোট বন্দুক লুকিয়ে ভেতরে ঢোকে। তারা দুজন নিরাপত্তাকর্মীকে হত্যা করে তাদের কাছ থেকে বন্দুক কেড়ে নেয়। এরপর হামলাকারীরা অন্য নিরাপত্তাকর্মীদের ওপর গুলি চালায়। এতে একজন আহত হয়েছেন। কান্দাহার সরকারের মুখপাত্র জালমে আয়োবি জানান, শেষ পর্যন্ত হামলাকারীরা নিহত হয়েছে। গভর্নরের কম্পাউন্ডের বাইরে বিস্ফোরকবোঝাই একটি গাড়িও পাওয়া গেছে। উইসা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, তালেবান জঙ্গিরা সরকার ও জনগণকে আঘাত করার নতুন কৌশল বের করেছে। তবে তারা সফল হবে না। এএফপি।