আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৮৯
আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশের একটি ব্যস্ত বিপণিবিতানে গতকাল মঙ্গলবার গাড়িবোমা হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা গাড়ি চালিয়ে অর্গুন শহরের ওই বিপণিবিতানে গিয়ে বিস্ফোরণ ঘটায়। জনাকীর্ণ মার্কেটে তখন লোকজন কেনাকাটায় ব্যস্ত ছিল। এখনো কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।
পাকতিকা প্রদেশের অন্যতম নিরাপদ স্থান হলো অর্গুন। তবে এখানে হাক্কানি জঙ্গি নেটওয়ার্ক সদস্যদের উপস্থিতি আছে বলে মনে করা হয়। পাকিস্তানের বিশৃঙ্খলা ও সহিংসতাপ্রবণ ওয়াজিরিস্তানের সঙ্গে এই পাকতিকা প্রদেশের সীমান্ত রয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আজিমি বলেন, বিপণিবিতানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৮৯টি মৃতদেহের অধিকাংশই নারী ও শিশু। আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ৪২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, হামলা নিরাপত্তা বাহিনীর কাছে নিছক কোনো আকস্মিক ঘটনা নয়। ওই এলাকায় পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা সক্রিয়। গত সপ্তাহে আত্মঘাতী হামলাকারীরা সেখানে স্থানীয় পুলিশ কমান্ডার আজিজুল্লাহকে হত্যার চেষ্টা করে।
পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে অনেক গাড়ি ও ট্রাকবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা। সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে এসব বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু সম্প্রতি তারা যেসব বোমা হামলার চেষ্টা চালিয়েছে, সেগুলোর অধিকাংশই ব্যর্থ হয়েছে।
আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটি আফগানিস্তানের মুজাহিদিনের কাজ নয়।’
স্থানীয় পুলিশের উপপ্রধান নিসার আহমেদ আবদুল রহিমজাই বলেন, ভয়াবহ বিস্ফোরণের পর ভবনের ভেঙে পড়া ছাদের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে।