আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৮৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় আজ মঙ্গলবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত  হয়েছে। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি জনবহুল বাজারের পাশে বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় উপপুলিশ প্রধান নিসার আহমেদ আবদুলরহিমজাই বলেন, পুলিশ আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেছে।

আফগানিস্তানের পাকটিকা প্রদেশটি পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চল থেকে বেশ কাছে। কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের সামরিক বাহিনী উত্তর ওয়াজিরিস্তান থেকে তালেবানকে হটিয়ে দেয়। এরা আফগানিস্তানে গিয়ে এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা গভর্নর মোহাম্মদ রাজা খারোটি জানান, বেশ বড়সড় বিস্ফোরক ছিল। তাই এর বিস্ফোরণে বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ মারা গেছে আর অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েছে।

এদিকে কাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমায় প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গণমাধ্যম কার্যালয়ের দুই কর্মী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।