আফগানিস্তানে চলতি বছরে ন্যাটোর ১০০ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের সঙ্গে লড়াই ও তাদের হামলায় আফগানিস্তানে চলতি বছর ন্যাটো বাহিনীর শতাধিক সেনাসদস্য নিহত হয়েছে। একটি ওয়েবসাইটের ফলাফল ও নিজেদের গণনার ভিত্তিতে গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপি ওই তথ্য জানিয়েছে। www.icasualties.org নামের ওই ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, চলতি বছরে ৯৮ জন ন্যাটো সেনা নিহত হয়েছে। কিন্তু দুই দিন আগে কাবুলে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনীর (আইএসএএফ) চারজন সেনা নিহত হন। সেই হিসাবে গতকাল পর্যন্ত নিহত সেনার সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে।সমপ্রতি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে ন্যাটোর দুই সদস্য নিহত হয়। পূর্বাঞ্চলে একই ধরনের বিস্ফোরণে আরও একজন নিহত হয়। এ ছাড়া জঙ্গিদের হামলায় নিহত হয় একজন।আইএসএফের আন্তর্জাতিক জয়েন্ট কমান্ড চলতি বছরে নিহত ন্যাটো সেনার পরিসংখ্যান জানাতে অস্বীকৃতি জানায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সামরিক অভিযানের ফলে আফগানিস্তানে ক্ষমতা হারায় তালেবান। এরপর থেকে তালেবান জঙ্গিরা প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকার এবং তাঁর পশ্চিমা জোটের বিরুদ্ধে লড়াই করছে। ওয়েবসাইটটির তথ্যমতে, এই যুদ্ধের পেছনে পশ্চিমাদের এ পর্যন্ত হাজার হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। প্রাণ গেছে প্রায় তিন হাজার সেনার। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের এক হাজার ৯২৪ জন সেনা মারা গেছে। এএফপি।