আফগানিস্তানে ছদ্মবেশীর হামলায় এক মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ রোববার আফগান সেনার ছদ্মবেশে এক ব্যক্তি মার্কিন সেনাদলের ওপর হামলা চালালে কমপক্ষে এক সেনা নিহত হয়েছেন। রয়টার্স বলছে, দেশটির স্থানীয় প্রশাসন ও ন্যাটো বাহিনী হামলার সত্যতা স্বীকার করেছে।
আফগানিস্তানজুড়ে বিদেশি সেনাদের ওপর ছদ্মবেশী আফগানদের হামলার সংখ্যা ক্রমে বাড়ছে। পাকটিকা প্রদেশে এক মাসের মধ্যে এমন হামলার মধ্যে আজকেরটি চতুর্থ। এসব হামলাকে ইংরেজিতে ‘ইনসাইডার অ্যাটাক’ অর্থাত্ অন্তর্বর্তী বা নিজেদের লোকেদের হামলা নামে অভিহিত করা হচ্ছে।
রয়টার্স বলছে, এসব অন্তর্বর্তীদের হামলা বিদেশি সেনা ও তাদের স্থানীয় মিত্রদের মধ্যে স্নায়বিক উত্তেজনা বাড়াচ্ছে। দেশটিতে ন্যাটোর তত্ত্বাবধানে মোতায়েন করা সব বিদেশি সেনা আসছে বছরে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।
রয়টার্স বলছে, দেশটিতে এ বছরে অন্তর্বর্তীদের হামলার ঘটনার মধ্যে এটি দশম। এখন পর্যন্ত এ বছরে এ ধরনের হামলায় নিহতের সংখ্যা ১৫।
এক আফগান কর্মকর্তা বলেন, ‘শারানা শহরে (প্রাদেশিক রাজধানী) গভর্নরের অফিসের পাশে আমেরিকান সেনাদের ওপর আফগান সেনার ছদ্মবেশ নেওয়া এক ব্যক্তি হামলা চালায়। এতে অন্তত দুজন সেনা গুলিবিদ্ধ হয়েছেন।’
ন্যাটো নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে হামলা ও তাতে একজন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
রয়টার্স বলছে, এ ধরনের হামলা থেকে একটি বিষয় বিদেশি সেনাদের কাছে পরিষ্কার হয়েছে যে, কেবল তালেবান বা উগ্রপন্থীরা নয়, সাধারণ আফগানরাও বিদেশি সেনাদের পছন্দ করছে না।