আফগানিস্তানে জাতিসংঘের সাত কর্মীসহ নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে একজন খ্রিষ্টান যাজকের তত্ত্বাবধানে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় আফগানিস্তানে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই দিনে ক্ষুব্ধ আফগান মুসলিমদের হাতে জাতিসংঘের সাতজন কর্মীসহ ১৬ জন নিহত হয়েছেন। গতকাল একজন স্বাস্থ্য কর্মকর্তা ও সরকারি মুখপাত্র এ কথা জানান। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।গতকাল শনিবার কান্দাহার শহরে সহিংসতায় নয়জন নিহত হয়। শুক্রবার মাজার-ই-শরিফ শহরে জাতিসংঘ মিশনের কার্যালয়ে হামলায় নিহত হয় সাতজন। গতকাল কাবুলে ন্যাটোর একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে তিন সেনা সামান্য আহত হন। এসব ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি গির্জায় উগ্রপন্থী যাজকের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেওয়ার ঘটনায় শুক্রবার মাজার-ই-শরিফে সহিংস ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই বলেন, শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার মুসল্লি রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা করে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। একপর্যায়ে জাতিসংঘ মিশনের স্থানীয় কার্যালয়ে ঢুকে সহিংসতায় জড়িয়ে পড়েন। এতে জাতিসংঘের সাতজন কর্মী নিহত হন। খবরের সত্যতা নিশ্চিত করে জাতিসংঘ জানায়, নিহত সবাই বিদেশি। এর মধ্যে নেপালের চারজন গুর্খা রক্ষী রয়েছেন। জাতিসংঘে তাঁরা ব্যক্তিগত রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্য তিনজন পশ্চিমা নাগরিক। এর মধ্যে দুজন হলেন নারী বৈমানিক লেফটেন্যান্ট কর্নেল সিকি স্কেয়ার ও সুইডিশ নাগরিক জোয়াকিন ডানজেল। অন্যজন রোমানীয়। তাঁর নাম জানা যায়নি। জাতিসংঘের নিহত কর্মীদের মধ্যে দুজনের শিরশ্ছেদ করা হয়। গতকালের সহিংস ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, কান্দাহার শহরের কেন্দ্রস্থলে গতকাল প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়। এতে কয়েক হাজার মুসলমান অংশ নেন। বিক্ষোভকারীরা জাতিসংঘের স্থানীয় মিশন ও প্রাদেশিক প্রশাসনের কার্যালয়ের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আফগান প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভের জের ধরে ঘটা সহিংসতায় নয়জন নিহত ও ৭৩ জন আহত হয়। বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি ভবনের ক্ষতি করে। অনেক যানবাহন পুড়িয়ে দেয়। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতন ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মৃত্যু কামনা করে বিভিন্ন স্লোগান দেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কান্দাহার তালেবান জঙ্গিদের নিরাপদ ঘাঁটি বলে পরিচিত। কান্দাহারের প্রাদেশিক সরকারের মুখপাত্র জালমি আইয়ুবি বলেন, পরিস্থিতি থেকে ফায়দা লুটতে স্থানীয় জঙ্গিরা এই বিক্ষোভ উসকে দিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে নিরাপত্তার বিঘ্ন ঘটানো। তালেবান ঘটনার নেপথ্যে থাকার অভিযোগ অস্বীকার করেছে। এএফপি, রয়টার্স।