আফগানিস্তানে জাতীয় শোক পালন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসে শত শত মানুষের মৃত্যুর পর আফগানিস্তানে জাতীয় শোক পালন করা হচ্ছে।

বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বাদাখশানের প্রাদেশিক গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিব বলেছেন, বাকি যাঁরা মাটির নিচে চাপা পড়েছেন তাঁদের উদ্ধার করার আর কোনো উপায় নেই।

আফগানিস্তানের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে ৩৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে প্রায় দুই হাজার ৫০০ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হলেও গতকাল শনিবার আফগান কর্তৃপক্ষ বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ ৫০০ হতে পারে।

পাহাড়চাপা পড়া আর কাউকে জীবিত অবস্থায় উদ্ধারের আশা নেই বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই দুর্যোগে গৃহহীন অন্তত চার হাজার মানুষকে সহায়তা দেওয়ার ওপরই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত শুক্রবার প্রবল বৃষ্টির পর বাদাখশান প্রদেশের প্রত্যন্ত আব বারিক গ্রামে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। এতে শত শত বাড়িঘর চাপা পড়ে। ওই এলাকায় গতকাল দ্বিতীয় দিনের মতো উদ্ধার-তত্পরতা চালান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে ৩৫০টি লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে জাতিসংঘ।