আফগানিস্তানে জোট বাহিনীর পক্ষে জয়লাভ অসম্ভব: গর্বাচভ
সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ বলেছেন, জোট বাহিনীর পক্ষে আফগানিস্তানে বিজয়ী হওয়া অসম্ভব। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।প্রায় এক দশকব্যাপী লড়াইয়ের পর ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় সোভিয়েত ইউনিয়ন। সে সময় ক্ষমতায় ছিলেন গর্বাচভ।মিখাইল গর্বাচভ বলেন, আরেকটি ভিয়েতনাম এড়াতে চাইলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই। তিনি আগামী বছর থেকে সেনা প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেন। তবে তিনি বলেন, আফগানিস্তান থেকে সরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘কঠিন’ হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র এর আগে সৌদিআরবের আর্থিক সহায়তায় যাদের জঙ্গি প্রশিক্ষণ দিয়েছিল, তারা এখন ওই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে।মিখাইল গর্বাচভ বলেন, ‘পরিস্থিতি থেকে বের হয়ে আসা যুক্তরাষ্ট্রের জন্য আরও অনেক কঠিন হতে পারে। কিন্তু বিকল্প কী? আরেক ভিয়েতনাম? পাঁচ লাখ সেনা পাঠানো? যা কোনো কাজ করবে না।’আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেড় লাখেরও বেশি সেনা রয়েছে, যারা তালেবান নেতৃত্বাধীন বিদ্রোহ তৎপরতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এএফপি।