আফগানিস্তানে তালেবানের নতুন ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা গত বুধবার একটি নতুন ভিডিওচিত্র প্রকাশ করেছে। এ ভিডিওচিত্রে একজন মার্কিন সেনাকে দেখা গেছে। তাঁকে গত বছরের ৩০ জুন তালেবান জঙ্গিরা আটক করে। ওই ভিডিওচিত্রে কিছু বন্দীকে মুক্তির বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ইনটেলসেন্টার মনিটরিং সার্ভিস গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপি ও বিবিসির।প্রায় আট মিনিট স্থায়ী ওই ভিডিওচিত্রে মার্কিন সেনা বোয়ে বার্গদাহলের মুখে দাড়ি দেখা গেছে এবং পরনে সেনাবাহিনীর জ্যাকেট। ভিডিওচিত্রে দেখা যায়, তিনি সংবাদপত্র পড়ছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। ভিডিওতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে এই মার্কিন সেনার বিনিময়ে কিছু বন্দীকে মুক্তির দাবি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, দুর্ভাগ্যবশত উদ্ধত মার্কিন শাসকেরা এ বিষয়ে কোনো পদক্ষেপের ব্যাপারে তৎপর নন।বোয়ে যে বেঁচে আছেন, এ ব্যাপারে এর আগে আরও দুটি ভিডিও প্রকাশ করে তালেবান। ভিডিওচিত্রে দেখা যায়, ওই সেনা আকুতি-মিনতি করে বলছেন, ‘আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। মানবজীবনের বিনিময়ে যুদ্ধ হতে পারে না, যার মূল্য আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র দিচ্ছে।’ তিনি বলেন, ‘আমি বাড়ি যেতে চাই। প্রতিদিন আমি বাড়ি যেতে চাই। আমার পরিবারকে দেখার জন্য মন কাঁদে, মনে অনেক ব্যথা। আমাকে ক্ষমা করে দিন।’ উল্লেখ্য, বোয়ে পাকতিকা প্রদেশে আলাস্কাভিত্তিক পদাতিক বাহিনীতে কাজ করতেন। তিনি আফগানিস্তানে যাওয়ার পাঁচ মাস পর নিখোঁজ হন।