আফগানিস্তানে তালেবানের হামলায় ২০ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গতকাল রোববার সকালে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে তালেবান একটি বিবৃতি দিয়েছে।
সরকারি সূত্র জানায়, সকালে পাকিস্তান সীমান্তের কাছাকাছি গাজিয়াবাদ এলাকায় একটি তল্লাশি কেন্দ্রে ওই হামলা চালানো হয়। এ সময় সাত সেনাকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। অপহূত সেনাদের উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশের গভর্নর সুজা-উল মুলক জালালা বলেন, হামলাকারী জঙ্গিদের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। শতাধিক জঙ্গি হামলায় জড়িত ছিল। এ সময় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়। আফগানিস্তানে জঙ্গি হামলায় সেনা ও পুলিশ সদস্যদের হতাহতের সংখ্যা গত কয়েক বছরে বেশ বেড়েছে। দেশটিতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কাছ থেকে স্থানীয় সেনারা ধাপে ধাপে বুঝে নিচ্ছেন। চলতি বছরের শেষ নাগাদ বিদেশি সেনারা দেশটির দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা রয়েছে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই তালেবান হামলায় ২০ সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত শ্রীলঙ্কা সফর স্থগিত করেছেন। গতকালই তাঁর কলম্বো সফরে যাওয়ার কথা ছিল। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এএফপি ও বিবিসি।