আফগানিস্তানে থানায় তালেবান হামলা, ১০ পুলিশ নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগর জালালাবাদে গতকাল বৃহস্পতিবার একটি থানায় হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
গতকাল সকালে তালেবান জঙ্গিরা থানায় তিন দিক থেকে হামলা চালায়। এর পরই দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
পুলিশ জানায়, তারা গুলি করে অন্তত সাতজন হামলাকারীকে হত্যা করেছে। এদের সবাই আত্মঘাতী বোমা বহন করছিল।
আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করার হুমকি দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। পুলিশের সঙ্গে জঙ্গিদের কয়েক ঘণ্টা লড়াই হয়।
উপস্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আয়ুব সালাঙ্গি বলেন, তালেবান জঙ্গিদের হামলায় জেলা পুলিশের প্রধানসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। এ ছাড়া একজন বেসমারকি নাগরিক ও হামলাকারীদের সাতজনই নিহত হয়েছে।
গণমাধ্যমে পাঠানো লিখিত এক বার্তায় তালেবান এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে।
নানগড়হার প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল জিয়া আহমাদজাই বলেন, গভর্নর ভবনের পাশে অবস্থিত থানায় একদল লোক প্রথমে গাড়িবোমা হামলা চালায়। এর পরই তারা থানায় ঢুকে গুলি করা শুরু করে। কয়েক ঘণ্টা দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে সামরিক জোট ন্যাটো সেখানে হেলিকপ্টার গানশিপ পাঠায়। বিবিসি ও এএফপি।