আফগানিস্তানে দুই নারী সাংবাদিককে গুলি, একজন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে আজ শুক্রবার বার্তা সংস্থা এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) দুই নারী সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছেন পুলিশের পোশাক পরিহিত অজ্ঞাত এক ব্যক্তি। এতে একজন নিহত ও অন্যজন গুরুতর জখম হয়েছেন।
নিহত নারী সাংবাদিকের নাম আনজা নিয়েদ্রিংহাউস (৪৮)। গুলিবিদ্ধ হয়ে চিকিত্সাধীন রয়েছেন একই সংবাদ সংস্থার প্রবীণ প্রতিবেদক ক্যাথি গ্যানোন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আগামীকাল শনিবার আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ওই দুই সাংবাদিক আফগান পুলিশ ও সেনা সদস্যদের পরিবেষ্টিত গাড়িবহরে করে খোস্ত প্রদেশের তানায় জেলা পরিদর্শনে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে নির্বাচন কমিশনের এক কর্মকর্তাও ছিলেন। পথে তাঁরা এ হামলার শিকার হন।
খবরে বলা হয়, খোস্ত প্রদেশের ওই এলাকাটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। ওই এলাকায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের ব্যাপক প্রভাব রয়েছে।