আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গত রোববার রাতে একটি নাচ-গানের আসর থেকে ধরে এনে ১৭ জন নারী-পুরুষের শিরশ্ছেদ করেছে তালেবান জঙ্গিরা। গতকাল সোমবার সকালে প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোতাক ও প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে গতকাল দেশটিতে দুটি পৃথক হামলার ঘটনায় নিহত হয়েছে ১০ আফগান ও দুই ন্যাটো সেনা।হেলমান্দের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি এএফপিকে বলেন, তালেবান-অধ্যুষিত মুসাকালা গ্রামে ১৭ ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। এঁরা সবাই বেসামরিক লোক। তাঁদের মধ্যে দুজন নারী। তিনি বলেছেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে তাঁরা মনে করছেন, এটি তালেবান জঙ্গিদের কাজ।মুসাকালা জেলার প্রধান নিমাতুল্লাহ খান বলেছেন, গ্রামবাসী রাতে নাচ-গানের আয়োজন করেছিল। যে দুই নারীর শিরশ্ছেদ করা হয়েছে, তাঁরা সেখানে নৃত্যশিল্পী হিসেবে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফগানিস্তানে যাযাবর শ্রেণীর উপজাতিরা প্রায়ই গোপনে নাচ-গানের আয়োজন করে। কট্টরপন্থী তালেবান মনে করে, এসব নাচ-গানের আসরের মাধ্যমে ইসলামি ভাবাদর্শ ক্ষুণ্ন হয় এবং সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানান, হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধারা বেশ সক্রিয়। এর আগে স্থানীয় গ্রামবাসীকে একইভাবে হত্যার অভিযোগ রয়েছে। মূলত আফগান সেনা ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তালেবান ওই হত্যাকাণ্ডগুলো ঘটায় বলে মনে করা হয়ে থাকে।শিরশ্ছেদে ১৭ জনকে হত্যার কয়েক ঘণ্টা পর এক আফগান সেনা গুলি চালিয়ে দুই ন্যাটো সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ)। এই বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে আজ (সোমবার) এ ঘটনা ঘটেছে। বহুজাতিক বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালিয়ে ওই সেনাকে হত্যা করে।’ চলতি মাসে এ নিয়ে আফগান সেনাদের হামলায় মিত্র ন্যাটো সেনাদের নিহতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। এএফপি ও বিবিসি।