আফগানিস্তানে নারী নির্যাতন রোধে আইন পরিবর্তন
সমালোচনার মুখে আফগানিস্তানে নারী নির্যাতন বিষয়ে একটি আইনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
আফগান প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, নতুন আইনে নারী নির্যাতনকারী আত্মীয়স্বজনের সাক্ষ্য দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। খবর বিবিসির।
আফগানিস্তানে নারীরা প্রধানত পরিবারের ভেতরেই নির্যাতনের শিকার হন। কিন্তু গত বছর আফগান পার্লামেন্টে পাস হওয়া ওই আইনে বলা হয়, অভিযুক্ত নির্যাতনকারীর বিরুদ্ধে পরিবারের কোনো সদস্য সাক্ষী দিতে পারবেন না। এরপরই আইনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকেরা বলছেন, এটা হলে নারীদের পক্ষে বিচার পাওয়া অসম্ভব। মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রস্তাবিত নতুন ওই আইনের খসড়া পার্লামেন্টে পাস হলে নারীর বিরুদ্ধে সহিংসতার মামলায় অপরাধীকে সাজা দেওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়বে। কারণ, এ ধরনের নির্যাতনের ঘটনা সাধারণত পরিবারের সদস্যরাই বেশি দেখে থাকেন। তাঁদের বক্তব্য, এই আইনের কারণে তালেবানকে ক্ষমতা থেকে সরানোর পর দেশটিতে বাল্যবিবাহ, ধর্ষণ ও পারিবারিক নির্যাতন বন্ধের ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই এখন সেই যুক্তি মেনে নিয়েছেন। আজ মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট হামিদ কারজাই আইনের খসড়ায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। খসড়া প্রস্তাব পর্যালোচনা করে দেখার জন্য বিচার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পার্লামেন্টের সদস্যদের এখন প্রস্তাবিত খসড়ায় পরিবর্তন আনার ব্যাপারে একমত হতে হবে অথবা নতুন করে আলোচনা শুরু করতে হবে।