আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেনের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদ্য পদত্যাগী প্রধান ডেভিড পেট্রাউসের কেলেঙ্কারির জের ধরে অ্যালেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। নিজের জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন পেট্রাউস। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ব্রডওয়েলের বাড়িতে তল্লাশি চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জিল কেলি নামের এক নারীর সঙ্গে জেনারেল অ্যালেনের যোগাযোগের ২০ থেকে ৩০ হাজার পৃষ্ঠা নথি খুঁজে পেয়েছে এফবিআই। এর মধ্যে বেশির ভাগই ই-মেইল বার্তা। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে এসব বার্তা চালাচালি করেন তাঁরা।পেট্রাউস ও তাঁর স্ত্রী হলির দীর্ঘদিনের পারিবারিক বন্ধু এই জিল কেলি। তিনি টাম্পায় মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা সেনাসদস্যদের পরিবারগুলোর সামাজিক যোগাযোগ কর্মকর্তা হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করেন। কেলির সঙ্গে পেট্রাউসের আলাদা কোনো ধরনের সম্পর্কের কথা জানা যায়নি। পেট্রাউসের জীবনীকার ব্রডওয়েল ই-মেইলে বিদ্বেষপূর্ণ বার্তা পাঠাতেন কেলির কাছে। কেলি বিষয়টি এফবিআইকে জানালে তারা তদন্ত শুরু করে। সেই তদন্ত করতে গিয়েই পেট্রাউসের সঙ্গে ব্রডওয়েলের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে এফবিআই। এর জেরেই পদত্যাগ করেন পেট্রাউস। কেলির সঙ্গে অ্যালেনের যোগাযোগের নথিতে কোনো গোপন তথ্য ফাঁস করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নথিতে কী আছে সে সম্পর্কে এখন কিছু বলা যাবে না। তবে অ্যালেন ও কেলির এ ধরনের যোগাযোগ ‘ঠিক হয়নি’ বলে মন্তব্য করেন তিনি। জেনারেল অ্যালেন অবশ্য কেলির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো ভুল করার কথা অস্বীকার করেছেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, অ্যালেনকে সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাঁর এই পদে মনোনয়ন দেরি হতে পারে। প্রেসিডেন্ট বারাক ওবামাও এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। এফবিআই নর্থ ক্যারোলাইনার শার্লটে ব্রডওয়েলের বাড়িতে তল্লাশি চালিয়েছে। গত সোমবার স্থানীয় সময় রাত নয়টায় এই তল্লাশি চালানো হয়। প্রায় চার ঘণ্টা তল্লাশির পর দুটি কম্পিউটার ও ১০টির মতো বাক্স নিয়ে বেরিয়ে যান এফবিআইয়ের কর্মকর্তারা। বিবিসি, এএফপি, টাইমস অব ইন্ডিয়া।