আফগানিস্তানে নিহত মার্কিন সেনার সংখ্যা ২০০০ জনে পৌঁছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে নিহত মার্কিন সেনার সংখ্যা ২০০০ জনে পৌঁছেছে। সর্বশেষ গত শনিবার এক মার্কিন সেনা ও ঠিকাদার নিহত হওয়ার পর মোট নিহত ব্যক্তির সংখ্যা এই পর্যায়ে আসে। ২০০১ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর আগ্রাসনের মধ্য দিয়ে এই লড়াই শুরু হয়। দেশটির পূর্বাঞ্চলীয় একটি তল্লাশি ফাঁড়িতে গত শনিবার এক আফগান নিরাপত্তা সদস্যের হামলায় সর্বশেষ দুই মার্কিন নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানান, আফগানিস্তানে চলতি বছর বহুজাতিক বাহিনীর সদস্যদের ওপর ‘অভ্যন্তরীণ’ হামলার ঘটনা (আফগান নিরাপত্তা সদস্যদের হামলা) বেড়ে গেছে। এসব ঘটনায় গত মাসে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা স্থগিত করতে বাধ্য হয় বহুজাতিক বাহিনী। তবে কয়েক দিন আগে এ ধরনের অভিযান আবারও শুরু হয়েছে। যৌথ অভিযান শুরুর ঘোষণার পর সর্বশেষ ওই হামলার ঘটনা ঘটল।এদিকে ন্যাটোর একজন জ্যেষ্ঠ কমান্ডার দাবি করেছেন, আফগানিস্তানের ৮০ শতাংশ এলাকাই সহিংসতামুক্ত। বিবিসি ও এএফপি।