আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ন্যাটোর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছে ১২ জন বেসামরিক ব্যক্তি। দেশটির রাজধানী কাবুলের দক্ষিণাঞ্চলে অবস্থিত লোগার প্রদেশের পুলে আরম শহরে একটি ট্রাক গতকাল মঙ্গলবার সকালে বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে।প্রাদেশিক পুলিশের প্রধান গোলাম সাখিরঘ লেওয়ানাই বলেন, ট্রাকটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা হয়েছিল। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) একজন মুখপাত্র ওই হামলার ব্যাপারে নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে ন্যাটোর কোনো সেনা আহত হয়নি। তালেবান বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক খুদেবার্তায় দাবি করেন, তালেবান যোদ্ধারা (মুজাহিদিন) মার্কিনিদের একটি বড় ঘাঁটিতে হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিম প্রান্তে একটি মিনিবাসে তালেবানের বোমা হামলায় মঙ্গলবার আটজন নিহত ও পাঁচজন আহত হয়। দেশজুড়ে গত জুন মাসে প্রতিদিন গড়ে ১০০ স্থানে গোলযোগের খবর পাওয়া যায়। দেশটিতে বিদ্রোহীরা গত দুই বছরের মধ্যে ওই মাসে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। দেশটিতে ন্যাটোর এক লাখ ৩০ হাজার সেনা বর্তমানে অবস্থান করছে। এএফপি।