আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটোর বিমান হামলায় ছয় শিশুসহ একই পরিবারের আটজন নিহত হয়েছে। স্থানীয় সরকারের কর্মকর্তারা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। পাকতিয়া প্রদেশে গত শনিবার রাতে ওই হামলা হয়।সরকারি কর্মকর্তা রোহুল্লা সামুন জানান, ন্যাটোর হামলায় ছয় সন্তানসহ এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের সঙ্গে তালেবান বা অন্য সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা ছিল না।দেশটির রাজধানী কাবুলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ন্যাটোর হামলায় মোহাম্মদ শফি নামের এক ব্যক্তি সপরিবারে নিহত হয়েছেন।ঘটনার ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্সের (আইএসএএফ) লেফটেন্যান্ট কর্নেল জিমি কামিংস। এই হামলার ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে পশ্চিমা মিত্র দেশগুলোর সম্পর্কের অবনতির আশঙ্কা রয়েছে। তালেবান বিদ্রোহীদের নির্মূলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর হামলায় দেশটিতে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা খুবই স্পর্শকাতর বিষয়। এতে বেসামরিক লোকজনের ক্ষোভ বাড়ে।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি মাসেই দীর্ঘমেয়াদি একটি কৌশলগত চুক্তি সই করেছেন। যৌথবাহিনীর হামলায় বেসামরিক লোকজনের মৃত্যুতে পশ্চিমাসমর্থিত সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত হওয়ার বিষয়টি ওই চুক্তিতে উল্লেখ করা হয়। ন্যাটোর হামলায় আফগানিস্তানে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি দুই সপ্তাহ আগে নিহত হন। ওই ঘটনার পর আইএসএএফের অধিনায়ক জেনারেল জন অ্যালেন ও মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারকে প্রেসিডেন্ট প্রাসাদে তলব করেছিলেন হামিদ কারজাই। এরপর ন্যাটো ও মার্কিন বাহিনীর যৌথ এক বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমিয়ে আনার অঙ্গীকার করে প্রেসিডেন্টকে আশ্বস্ত করা হয়। নিহত ব্যক্তিদের সংখ্যা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়। এএফপি।