আফগানিস্তানে ন্যাটোর হামলায় নিহত ১০
আফগানিস্তানের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে এক বিমান হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে বলে ন্যাটো দাবি করেছে। অন্যদিকে আফগান সরকারের কর্মকর্তারা বলছেন, ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন বেসামরিক লোকও নিহত হয়েছে।
ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিদের বহনকারী একটি পিকআপ ট্রাকে ওই হামলা চালানো হয়।
পাকিস্তান সীমান্তের কাছাকাছি কুনারের ওয়াতারপুর এলাকায় ন্যাটোর বিমান ওই হামলা চালায়।
প্রাদেশিক গভর্নর সুজা উল মুলক ন্যাটোর ওই হামলায় বেসামরিক লোকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি ও একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ট্রাকের চালক একদল তালেবান জঙ্গিকে গাড়িতে তোলার পর ন্যাটোর বিমান ওই বোমা ফেলে। তবে ন্যাটোর মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট অ্যানম্যারি অ্যানিসেলি জঙ্গিদের প্রতি ইঙ্গিত করে বলেন, শত্রুপক্ষের ১০ জন নিহত হয়েছে।
পাশ্চাত্য বাহিনীর জঙ্গিবিরোধী হামলায় বহু বেসামরিক লোকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তাঁর আন্তর্জাতিক সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রয়টার্স।