আফগানিস্তানে ন্যাটোর হামলায় তালেবান নেতা দাদুল্লাহসহ ১২ জঙ্গি নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ন্যাটোর বিমান হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা দাদুল্লাহ নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ১১ জন জঙ্গি নিহত হয়। ন্যাটো ও আফগান সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার এ কথা জানানো হয়।ন্যাটোর একজন মুখপাত্র জানান, গত শুক্রবার কুনার প্রদেশে দুটি পৃথক বিমান হামলার প্রতিটিতে ছয়জন করে মোট ১২ জন জঙ্গি নিহত হয়। কুনারের শিঘাল জেলার পুলিশ-প্রধান সায়েদ রহমান জানান, হামলায় নিহতদের অধিকাংশই পার্শ্ববর্তী দেশ পাকিস্তান থেকে আসা। তাদের মধ্যে পাকিস্তানের তেহরিক-ই তালেবানের কমান্ডার দাদুল্লাহও আছেন। পুলিশ-প্রধান আরও জানান, কমান্ডার দাদুল্লাহ পাকিস্তানের বাজাউর এজেন্সির তালেবান নেতা। বিমান হামলার পর প্রকাশিত ন্যাটোর এক বিবৃতিতেও তালেবান নেতা দাদুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, মৌলভী দাদুল্লাহ জামাল নামেও পরিচিত ছিলেন। তিনি আফগানিস্তান ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ওপর হামলা চালানোর সঙ্গে জড়িত ছিলেন। হামলায় দাদুল্লাহর ডেপুটি শাখিরও প্রাণ হারিয়েছেন বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়। দাদুল্লাহ চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত বাজুর এলাকার তালেবান শাখার দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাজুরের প্রাদেশিক তালেবান কমান্ডার মৌলভী ফকির মোহাম্মদের স্থলাভিষিক্ত হন। বিবিসি, এএফপি।