আফগানিস্তানে পপির চাষ বেড়েছে
আফগানিস্তানের চাষিরা এ বছর ব্যাপকহারে আফিমের উৎস পপি চাষ করছেন। গত বছরের তুলনায় এ বছর সাত শতাংশ বেশি জমিতে তাঁরা পপির চাষ করেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদক দেশ। আফিম থেকে সর্বনাশা মাদকদ্রব্য হেরোইন উৎপাদন করা হয়। জাতিসংঘের মাদকদ্রব্যবিষয়ক সংস্থা ইউএনওডিসির প্রতিবেদনে বলা হয়, দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে তিনটি প্রদেশকে ‘পপিমুক্ত’ বলে ঘোষণা করা হয়েছিল, এসব এলাকায় আবার পপির চাষ করা হচ্ছে। পপি চাষের প্রায় পুরো অর্থই চলে যাচ্ছে আফগান তালেবান জঙ্গিদের হাতে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত বছর আফগানিস্তানে এক লাখ ২৩ হাজার হেক্টর জমি পপি চাষের আওতায় ছিল। এ বছর তা বেড়ে এক লাখ ৩১ হাজার হেক্টরে পৌঁছেছে। এতে পপি চাষের পরিমাণ সাত শতাংশ বেড়েছে। ২০০৭ সালে রেকর্ড পরিমাণ এক লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে পপির চাষ করা হয়।ইউএনওডিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১০ সালের তুলনায় এ বছর শুকনো আফিমের দাম ৪৩ শতাংশ বেড়েছে। খামারের ফটক থেকে আফিম বিক্রির আয় ১৩৩ শতাংশ বেড়ে যাওয়ায় এ বছর তাঁদের আয় ১৪০ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। এএফপি, রয়টার্স।