আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
অর্থ ও প্রয়োজনীয় উপকরণের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন আগামীসেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচন কমিশনার ফজেল আহমেদ মানাবি এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও এপির।আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন আগামী ২২ মের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমা দেশগুলো। গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। তখন থেকে পার্লামেন্ট নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের জন্য চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘ। তারা চাইছিল, আগে সময় নিয়ে নির্বাচন কমিশনের সংস্কার করা হোক, পরে নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন করা হলে সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল তারা।জাতিসংঘের প্রধান দূত কাই এইদে এ মাসের শুরুতে বলেছিলেন, আফগান আইন অনুযায়ী নির্বাচন কয়েক মাসের জন্য স্থগিত করা যেতে পারে।স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের মোট ব্যয় ১২ কোটি মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এখনো তাদের পাঁচ কোটি ডলার প্রয়োজন। নির্বাচন কমিশনার ফজেল আহমেদ মানাবি জানান, শিগগিরই নির্বাচনের ওই অর্থ আসছে না। একই সঙ্গে নিরাপত্তা এবং আনুষঙ্গিক উপকরণের অভাব রয়েছে। তিনি আরও জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার পুরো অর্থের জোগান দিতে পারছে না। সে জন্য দাতা দেশগুলোর কাছ থেকে আরও সহায়তা প্রয়োজন।এর আগে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রশাসন শাসনতন্ত্রের কথা বলে মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। সেই নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থ সরবরাহে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে অর্থ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচন স্থগিত করার পর তাত্ক্ষণিকভাবে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়ের মন্তব্য পাওয়া যায়নি।এর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে প্রথমবারের মতো সরাসরি পার্লামেন্ট নির্বাচন হয়।আত্মঘাতী বোমায় দুই শিশু নিহত: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে গত শনিবার মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এরই মধ্যে ঘোষণা করেছে, দক্ষিণাঞ্চলে গত শনিবার বোমা হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছেন। তবে ওই একই হামলায় তাঁরা নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি।হেলমান্দ সরকারের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, খান নেশিন জেলায় রাস্তায় পাহারা দেওয়ার সময় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে বেসামরিক তিনজন মানুষ নিহত হয়েছে। ন্যাটো তাদের এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় বেসামরিক দুই শিশু নিহত হয়েছে।