আফগানিস্তানে পুঁতে রাখা বোমায় নয় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে গত সোমবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের আলাদা দুটি ঘটনায় নয় শিশু নিহত হয়েছে।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে একই পরিবারের সাত শিশু নিহত হয়। আহত হয় তিন শিশু।
আফগানিস্তান সরকারের মুখপাত্র মোখলিস আফগান জানান, বোমা বিস্ফোরণের সময় শিশুরা তাদের বাড়ির পাশের রাস্তায় খেলছিল।
দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে একই ধরনের আরেকটি ঘটনায় নিহত হয় দুই শিশু। শিশু দুটিকে বহনকারী পারিবারিক একটি গাড়ি রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে বিধ্বস্ত হলে তারা মারা যায়। এ ঘটনায় একই গাড়িতে থাকা শিশু দুটির বাবা ও আরেক শিশু আহত হয়।