আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আবদুল্লাহ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ। গতকাল ২৬টি প্রদেশে পাঁচ লাখ ভোট গণনার পর দেখা গেছে, আবদুল্লাহ ৪১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী আশরাফ ঘানির চেয়ে এগিয়ে রয়েছেন। আশরাফ ঘানি পেয়েছেন ৩৭ দশমিক ৬ শতাংশ ভোট।
৫ এপ্রিল অনুষ্ঠিত এ নির্বাচনে দেশটির ৩৪টি প্রদেশে প্রায় ৭০ লাখ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের খবরে বলা হয়। ২৪ এপ্রিল নির্বাচনের প্রাথমিক পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হতে পারে। প্রথম ধাপে কোনো প্রার্থী পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী মে মাসে দ্বিতীয় দফায় দুই সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে।
কাবুলে বিবিসির প্রতিনিধি জানান, অনেক দুর্গম স্থান থেকে গাধার পিঠে বোঝাই ব্যালট বাক্সগুলো এখনো কাবুলের পথে রয়েছে। বিবিসি।