আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে গতকাল শনিবার ভোট দিয়েছেন আফগানিস্তানের জনগণ৷ তালেবান জঙ্গিদের হুমকি উপেক্ষা করে লাখ লাখ মানুষ দ্বিতীয় দফা প্রেসিেডন্ট নির্বাচনে ভোট দেন৷ এতে লড়ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ এবং বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ গনি৷ খবর এএফপি ও বিবিসির৷
এই নির্বাচনের মাধ্যমে আফগানিস্তানে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে৷ ভোটকেন্দ্রগুলোতে হামলা চালিয়ে নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে তালেবান৷
১৩ বছরব্যাপী যুদ্ধের পর আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের চলতি বছরের মধ্যেই সরিয়ে নেওয়ার কথা রয়েছে৷ তাই দেশটির নতুন নেতাকে তালেবান বিদ্রোহীদের দমনের মতো কঠিন দায়িত্ব সামলাতে হবে৷ পাশাপাশি দেশটির ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং দুর্নীতি নির্মূলের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷
প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল ভোট দেওয়ার পর বলেন, ‘আমরা নিজেদের পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানাতে পেরে খুব খুশি৷’
আফগানিস্তানে মোট ভোটারসংখ্যা এক কোটি ২০ লাখ৷ প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা নির্বাচনে অন্তত ছয় হাজার কেন্দ্রে গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়৷ এবারও বিভিন্ন কেন্দ্রে জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে৷
গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে আবদুল্লাহ ৪৫ শতাংশ এবং গনি ৩১ দশমিক ছয় শতাংশ ভোট পান৷ মোট আটজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেউই ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীকে দ্বিতীয় দফা লড়াইয়ে যেতে হয়েছে৷ এ নির্বাচনের প্রাথমিক ফলাফল আগামী ২ জুলাই এবং চূড়ান্ত ফলাফল আগামী ২২ জুলাই প্রকাশের সম্ভাবনা রয়েছে৷
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওমর দাউদজাই বলেন, প্রথম দফা ভোটের তুলনায় এবার হামলার হুমকি বেশি৷ তবে হামলা মোকাবিলায় সরকারি বাহিনী এখন আগের চেয়ে বেশি অভিজ্ঞ৷