আফগানিস্তানে ফের গৃহযুদ্ধের আশঙ্কা
আফগানিস্তানে আবারও তালেবানের উত্থান ও ভয়াবহ গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দীর্ঘ উপস্থিতি এবং তাদের ব্যাপক অভিযানের মুখেও তালেবান নিজের অস্তিত্ব ভালোভাবেই বজায় রেখেছে। এ ছাড়া দেশটিতে সহিংসতা কমারও বিশেষ লক্ষণ নেই। এরই মধ্যে সেখান থেকে ন্যাটো বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারেরও সময় ঘনিয়ে আসছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা করছেন।প্রায় তিন বছর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ন্যাটো বাহিনীর সহায়ক শক্তি হিসেবে আফগানিস্তানে অতিরিক্ত ৩৩ হাজার সেনা পাঠান। গত মাসে এই সেনাদের সবাইকে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে দেশটিতে ন্যাটো বাহিনীর এক লাখ ১২ হাজারের মতো সদস্য রয়েছে, ২০১৪ সালের মধ্যে তাঁদেরও প্রত্যাহার করে নেওয়া হবে। তবে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বিদেশি সেনাদের একটি ছোট দল ওই সময়ের পরও সেখানে রয়ে যাবে।পশ্চিমা রাজনীতিকেরা জোর দিয়ে দাবি করছেন, বহুজাতিক ন্যাটো বাহিনীকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত ‘ন্যায়সংগত যুদ্ধের’ও পরিসমাপ্তি ঘটবে আফগানিস্তানে। কিন্তু বিশ্লেষকদের ধারণা, সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ন্যাটো বাহিনীর জন্য তাদের অজনপ্রিয় লড়াইয়ের সমাপ্তি ঘটবে ঠিকই, তবে সেই সঙ্গে কাবুলের পশ্চিমা-সমর্থিত সরকারও পড়তে পারে পতনের মুখে। পাশাপাশি ১০ বছরের দখলদারিত্ব শেষে গত শতকের নব্বইয়ের দশকে সাবেক সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর যেভাবে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তার চেয়েও ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারে নতুন করে।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ ক্যানডেস রনডিঅক্স বলেন, ‘আমি মনে করি, সরকারের পতন হওয়ার আগে এই গৃহযুদ্ধ শুরু কেবলই সময়ের ব্যাপার। এটি অনিবার্যভাবেই ঘটবে।’ তিনি আরও বলেন, ‘২০১৪ ও ২০১৫ সালে যা কাবুল নিয়ন্ত্রণ করবে, তা হলো বিশৃঙ্খলা ও সহিংসতা। অস্ত্রের ব্যাপকতা ও নৃশংসতার মাত্রা তখন এতটাই ছড়াবে, যা আমরা আগে কখনো দেখিনি।’গিলেস ডরোনসরো ‘কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’-এর আফগানিস্তানবিষয়ক বিশেষজ্ঞ। তিনিও নতুন মাত্রায় গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা করেন। তবে তিনি আরও এক ধাপ এগিয়ে আফগানিস্তানে তালেবানের শাসন প্রতিষ্ঠার সম্ভাবনার কথা জানান। সম্প্রতি বিশ্লেষণধর্মী এক নিবন্ধে তিনি বলেন, ‘২০১৪ সালের পর আফগান সরকারের জন্য মার্কিন সমর্থন সীমিত হয়ে আসবে। তখন আরেকটি গৃহযুদ্ধ শুরু হবে এবং এতে বিজয়ীর বেশে ক্ষমতায় আসবে তালেবান।’ এএফপি।