আফগানিস্তানে বাগরাম কারাগারের নিয়ন্ত্রণ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের বাগরাম সামরিক কারাগারের নিয়ন্ত্রণভার দেশটির কর্তৃপক্ষের হাতে গতকাল সোমবার পুরোপুরি তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এটিই ছিল মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ কারাগার। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ পর্যন্ত যে বিষয়টি বাধা হয়ে দাঁড়িয়ে ছিল, এই হস্তান্তরের ফলে তার নিষ্পত্তি হলো।বাগরাম কারাগারে গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। এখন থেকে সরকারিভাবে এটি ‘পারওয়ান আটক কেন্দ্র’ হিসেবে পরিচিত হবে। আফগানিস্তানে যেসব কারাগারে বন্দী নির্যাতন বিষয়ে অভিযোগ ওঠে, বাগরাম সামরিক কারাগার সেসবের অন্যতম। কারাগারটি রাজধানী কাবুল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমানঘাঁটিতে অবস্থিত। এই ঘাঁটি আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটি। নতুন পারওয়ান আটক কেন্দ্র এই ঘাঁটি থেকে কয়েক মাইল দূরে অবস্থিত।গত বছরের সেপ্টেম্বরে বাগরাম কারাগারের তিন হাজারের বেশি বন্দীর দায়িত্ব আফগান কর্তৃপক্ষের হাতে অর্পণ করে যুক্তরাষ্ট্র। তবে কারাগারটির বিপজ্জনক বন্দীদের ভবিষ্যৎ প্রশ্নে দুই দেশের মধ্যে এত দিন চুক্তি চূড়ান্ত না হওয়ায় কারাগারের পুরোপুরি হস্তান্তর করার বিষয়টি ঝুলে যায়। কারাগারের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হলে ওই বিপজ্জনক বন্দীদের ছেড়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছিল যুক্তরাষ্ট্র। কারাগারটি একসময় আফগানিস্তানের গুয়ান্তানামো বে বন্দীশালা বলে পরিচিতি লাভ করে। কেননা, গুয়ান্তানামো বে মার্কিন কারাগারের মতোই এখানেও কাউকে কাউকে বিচারের আওতায় না এনে কিংবা কোনো রকম অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়। এএফপি ও বিবিসি।