আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভের সময় গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গত মঙ্গলবার পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন আর অ্যালেন দুঃখ প্রকাশ করে বলেন, পবিত্র কোরআন শরিফের ওপরে ‘অসাবধানতাবশত’ একটি যন্ত্র রাখা হয়। এতে তা পুড়ে যায়। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, তালেবান বন্দীরা পবিত্র কোরআন শরিফের মধ্যে লুকিয়ে বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন। পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় আফগানিস্তানে বিভিন্ন স্থানে গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। রাজধানী কাবুলে তিনজন, পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দুজন ও পারওয়ান প্রদেশে চারজন বিক্ষোভকারী নিহত হন। সব মিলিয়ে আহত হন অন্তত ২০ জন।বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা মার্কিনবিরোধী স্লোগান দেন। তাঁরা কাবুলে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করে। বিবিসি।