আফগানিস্তানে বিদেশি বাহিনীর ওপর তালেবানের হামলার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গিরা বিদেশি বাহিনী ও আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের ওপর নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার তালেবানের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।দুই পৃষ্ঠার ওই বিবৃতিতে তালেবান জানায়, দেশের সব অংশে দখলদার বাহিনী, আফগান নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা, সামরিক ঘাঁটি, বিমানঘাঁটি, অস্ত্র ও বিদেশিদের বহনকারী গাড়িবহর ও জনসমাগমস্থল লক্ষ্য করে ‘বদর’ নামের এ হামলা বা লড়াই আজ রোববার শুরু হচ্ছে। তালেবানের ভাষায়, ইসলামিক এমিরাত অব আফগানিস্তানের নেতৃত্বদানকারী কাউন্সিলের পক্ষে ঘোষণা করা হচ্ছে, ‘আমাদের দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।’বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি গুপ্তচর, কাবুলের শীর্ষস্থানীয় পুতুল কর্মকর্তা, শত্রুদের হয়ে কর্মরত বিদেশি-দেশি কোম্পানির প্রধান ও ঠিকাদারদের বিরুদ্ধেও হামলা চালানো হবে।তবে বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তালেবান যোদ্ধাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বেসামরিক আফগানদের জনাকীর্ণ স্থান, সামরিক ঘাঁটি ও গাড়িবহর থেকে দূরে থাকার জন্যও বিবৃতিতে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।জাতিসংঘের সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সহিংস হামলায় অন্তত দুই হাজার ৭৭৭ জন বেসামরিক আফগান নিহত হয়। নিহত ব্যক্তিদের এক-তৃতীয়াংশই আন্তর্জাতিক বাহিনীর নয় বরং জঙ্গি হামলার শিকার।দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকেরা গত শুক্রবার আশঙ্কা প্রকাশ করেন, তালেবান, বিশেষ করে আল-কায়েদার ঘনিষ্ঠ হাক্কানি নেটওয়ার্ক বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। সারা দেশে আত্মঘাতী হামলাসহ সিরিজ হামলা হতে পারে—এ আশঙ্কা প্রকাশের পরদিনই তালেবান এ ঘোষণা দিল। এপি ও রয়টার্স।