আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা নিহত ৪০
আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। গত বুধবার বিকেলে কান্দাহার প্রদেশের একটি গ্রামে ওই ভয়াবহ হামলা চালানো হয়। বিভিন্ন সূত্রে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আসা অনেক অতিথির সঙ্গে স্থানীয় পুলিশ ও তালেবানবিরোধী একটি জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক ছিল। তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হতে পারে। তবে তালেবান ওই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যত হামলা হয়েছে, এর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ।তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহারে ন্যাটোর নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী যখন বড় ধরনের সামরিক অভিযান চালানোর তোড়জোড় করছে, ঠিক সে সময় এই হামলা চালানো হলো। স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আনাস জানিয়েছেন, আরঘানদাব জেলার নাগান গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে হামলাটি চালানো হয়। তাঁরা এ পর্যন্ত ৪০টি মৃতদেহ কান্দাহার কেন্দ্রীয় হাসপাতালে পাঠিয়েছেন। হামলায় ১০ শিশুসহ ৭০ জনের বেশি লোক আহত হয়েছেন। ঘটনাস্থলে আরও কত মৃতদেহ পড়ে আছে, তা তিনি জানেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমিরি বাশারি বলেছেন, প্রাথমিক তথ্য-প্রমাণে মনে হচ্ছে একজন আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে নিজেকে উড়িয়ে দিলে হতাহতের ওই ঘটনা ঘটে।বরের ভাই মোহাম্মদ জানিফ বলেছেন, তাঁর ভাই আহত হয়েছেন। কী ঘটেছে, তিনি ঠিক বলতে পারবেন না। তিনি শুধু প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। আর এতে সেখানকার সবাই হয় নিহত আর না হয় আহত হয়েছেন।স্থানীয় টেলিভিশনে আহতদের চিকিত্সায় রক্ত দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।ন্যাটো বাহিনী এই হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছে। তবে তালেবানের নেতা কারি ইউসুফ রয়টার্সকে বলেছেন, তাঁরা হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাঁরা ওই বর্বর হামলার নিন্দা করছেন।এর আগে বুধবার রকেট হামলায় ন্যাটোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে চার মার্কিন সেনা নিহত হয়। তালেবান তাত্ক্ষণিক ওই হামলার দায়িত্ব স্বীকার করে। বিবিসি, এএফপি।