আফগানিস্তানে বোমা হামলায় মার্কিন কূটনীতিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে গত শনিবার গাড়িবোমা হামলায় পাঁচ মার্কিনি নিহত হয়েছেন। তাঁদের একজন তরুণ কূটনীতিক, তিনজন সেনাসদস্য ও একজন বেসামরিক নাগরিক। এই হামলায় এক আফগান চিকিৎসকও নিহত হয়েছেন। এ ছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে পৃথক এক হামলায় অপর এক বেসামরিক মার্কিন নাগরিক নিহত হন।হতাহতের সত্যতা নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন, ঘটনার সময় ওই মার্কিন কূটনীতিক ও অন্যরা জাবুল প্রদেশে একটি গাড়িবহরে ছিলেন। বিবৃতিতে কেরি আরও বলেন, ‘আমাদের কর্মকর্তারা ও তাঁদের আফগান সহকর্মীরা জাবুল প্রদেশের রাজধানীতে স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করতে যাচ্ছিলেন। তখন তাঁরা হামলার শিকার হন।’কেরি জানান, কাবুল সফরের সময় ওই তরুণ কূটনীতিকের সঙ্গে দেখা করেছেন তিনি। হামলায় নিহত হওয়ার পর তাঁর বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন। ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আইএসএএফ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী গাড়িভর্তি বিস্ফোরক দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এক খবরে বলা হয়, আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তালেবান জঙ্গিরা দেশের বিভিন্ন এলাকায়এ ধরনের হামলা চালিয়ে আসছে।২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে ন্যাটো বাহিনীর। রয়টার্স।