আফগানিস্তানে বড় ধরনের জঙ্গি হামলা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান নিরাপত্তা বাহিনী ১০ টন বিস্ফোরকসহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজনই পাকিস্তানের নাগরিক। জঙ্গিরা আফগানিস্তানের রাজধানী কাবুলে জনারণ্য বিভিন্ন এলাকায় হামলা চালাতে চেয়েছিল। গতকাল শনিবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।কর্মকর্তারা জানান, একটি আলুর ট্রাকের পেছনের দিকে ৪০০টি ব্যাগে এসব বিস্ফোরক ছিল। এই ট্রাক নিয়ে কাবুলে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। আফগান গোয়েন্দা সার্ভিসের মুখপাত্র শফিকুল্লাহ তাহিরি কাবুলে সাংবাদিকদের বলেন, জঙ্গিরা যদি এসব বিস্ফোরক হামলার কাজে ব্যবহার করতে সফল হতো, তাহলে বড় ধরনের রক্তপাতের ঘটনা ঘটে যেত। তিনি জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ জঙ্গির মধ্যে তিনজনই পাকিস্তানের নাগরিক। অন্য দুজন আফগান। শফিকুল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচ জঙ্গি পাকিস্তানের তালেবান সদস্যদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। আফগান তালেবানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তিনি আরও বলেন, জঙ্গিরা এসব বিস্ফোরক পাকিস্তান থেকে এনেছে। গ্রেপ্তার হওয়া পাঁচ জঙ্গি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খলিলিকে হত্যার পরিকল্পনা করেছিল। কাবুলে গত সপ্তাহে সুরক্ষিত কূটনৈতিকপাড়া ও পার্লামেন্ট ভবন এলাকাসহ কয়েকটি স্থানে সমন্বিত হামলা চালায় তালেবান। একই দিনে হামলা চালানো হয় তিনটি প্রদেশেও। এসব হামলায় তালেবান সদস্যসহ অন্তত ৫১ জন নিহত হয়। আফগানিস্তানে মার্কিন অভিযানের ১০ বছরের মধ্যে এটা তালেবানদের অন্যতম বড় হামলা। এই হামলার এক সপ্তাহের মধ্যেই গতকাল ১০ টন বিস্ফোরক আটক করা হলো।বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। কিন্তু এই হামলা ও এত বেশি পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনা বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগান বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন দূতাবাস ও কাবুলে বিদেশি সেনাদের সদর দপ্তরে হামলা চালায়। এ সময় ১৯ ঘণ্টার লড়াইয়ে ১৪ জনের প্রাণহানি ঘটে। আগস্টে আফগানিস্তানের ব্রিটিশ কাউন্সিল কালচারাল সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত হয়। বিশ্লেষকদের মতে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তালেবান হামলাও বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার করা হলে দেশটির বর্তমান প্রশাসন তালেবানদের বিরুদ্ধে টিকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এএফপি, বিবিসি।