আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে এবং ফলাফল প্রত্যাখ্যান করে আবদুল্লাহ আবদুল্লাহর হাজার হাজার সমর্থক গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলে সমাবেশ করেছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আশরাফ গনিকে গত ১৪ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটের প্রাথমিক ফলাফলে জয়ী ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্স ও এএফপির।
বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা গনিকে জয়ী ঘোষণা করা হলেও ওই ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবদুল্লাহ। তিনি নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনেছেন। এ কারণে নির্বাচনপরবর্তী বিরোধের জেরে আফগানিস্তানে বড় ধরনের বিশৃঙ্খলা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। দায়িত্ব পালনে ১২ বছর পূর্ণ হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। তিনি গনিকে জয়ী করার নেপথ্যে জড়িত ছিলেন বলে অভিযোগ করছেন আবদুল্লাহ। তিনি কাবুলে গতকালের সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়ও আবদুল্লাহর সমর্থনে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘গনিকে জয়ী করানোর মধ্য দিয়ে জনগণের ইচ্ছার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানো হয়েছে’ বলে অভিযোগ করেন আবদুল্লাহ।
আফগান প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে অংশগ্রহণকারী মোট আটজন প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। তবে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে ছিলেন আবদুল্লাহ। দ্বিতীয় দফা ভোটে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে লড়াই হয়।
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, কেউ বেআইনিভাবে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করতে চাইলে দেশটিতে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে কাবুলের মার্কিন দূতাবাস গতকাল এ তথ্য জানায়। কেরি বলেন, আফগানিস্তানে বিক্ষোভকারীরা একটি বিকল্প সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এবারের নির্বাচনে যাবতীয় অনিয়মের অভিযোগ নিয়ে পূর্ণ তদন্ত করে ব্যবস্থা নিতে আফগানিস্তানের নির্বাচনী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
১৩ বছরব্যাপী লড়াইয়ের পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে পুরোপুরি প্রত্যাহারের কথা রয়েছে। তাই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চায়, দেশটিতে স্থিতিশীল ও শক্তিশালী একটি সরকার দায়িত্ব নিক। আফগানিস্তান এখনো বিপুল পরিমাণে বিদেশি আর্থিক সহায়তা পায়, যার বড় অংশই দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে।
আত্মঘাতী হামলায় ন্যাটোর চার সেনাসহ নিহত ১৬: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশে ন্যাটোর একটি তল্লাশিচৌকির কাছাকাছি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ন্যাটোর চারজন সেনাসদস্যসহ মোট ১৬ জন প্রাণ হারিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। স্থানীয় সরকারি কর্মকর্তারা গতকাল এ খবর জানিয়েছেন।