আফগানিস্তানে ভারতকে আরও সক্রিয় দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ভারতকে আফগানিস্তানে ‘আরও সক্রিয় ভূমিকা’ রাখার জন্য উৎসাহিত করেছেন। নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠককালে আফগানিস্তান প্রশ্নে ভারতের ভূমিকার বিষয়টি আলোচনায় আসে।বিশ্লেষকেরা বলেন, ওয়াশিংটনকে ইতিপূর্বে ভারতের চিরশত্রু পাকিস্তানের ব্যাপারে নয়াদিল্লির প্রবল বিরোধিতার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। তা ছাড়া আফগানিস্তানে সেনাদের প্রশিক্ষণ দান এবং সে দেশের অবকাঠামো উন্নয়নকাজের মতো কিছু ক্ষেত্রে ভারতের ভূমিকা সীমিত রাখার ব্যাপারেও আগ্রহী ছিল ওয়াশিংটন।তবে দুই দিনের সফরে প্যানেট্টা গতকাল নয়াদিল্লিতে পৌঁছার আগে মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের লক্ষ্যে ন্যাটোর নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর প্রস্তুতির প্রেক্ষাপটে মার্কিন নীতিতে পরিবর্তন এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘গত ১০ বছরে নানা কারণে ভারত আফগানিস্তানে বিশেষ সক্রিয় ভূমিকা রাখেনি। আমরা দেশটির রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের আরও সক্রিয় ভূমিকাকে স্বাগত জানাব।’ ওই কর্মকর্তা আরও বলেন, ভারত আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ বাড়াবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। ইতিপূর্বে ভারত আফগানিস্তানের সেনা ও পুলিশ সদস্যদের সীমিত পর্যায়ে প্রশিক্ষণ দেয়।কর্মকর্তারা জানান, লিওন প্যানেট্টা প্রধানমন্ত্রী মনমোহন সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে সাক্ষাৎকালে এই বিষয়ের পাশাপাশি এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত তৎপরতা এবং সামরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির বিষয় নিয়েও আলোচনা করেন। এএফপি।