আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা
আফগানিস্তানের হেরাত শহরে ভারতীয় কনস্যুলেটে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বর্তমানে ওই এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। আজ শুক্রবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, তিনজন বন্দুকধারী মেশিনগান এবং রকেটচালিত গ্রেনেড ছুড়ে এ হামলা চালায়। এদের মধ্যে একজন নিহত হয়েছে। অন্য দুজন পাশের একটি ভবন দিয়ে পালিয়ে যায়।
এ হামলার পেছনে কারা দায়ী, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কনস্যুলেটের সবাই নিরাপদে রয়েছেন।
ভারত সরকারের একজন মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বন্দুকধারীদের প্রতিরোধে কনস্যুলেটের কর্মী ও আফগান নিরাপত্তা বাহিনীর নেওয়া উদ্যোগকে ‘সাহসী’ বলে প্রশংসা করেছেন।
সৈয়দ আকবরউদ্দিন টুইটারে লিখেছেন, ‘সবাই নিরাপদে আছে। অভিযান চলছে।’
গত বছরের সেপ্টেম্বরে এই শহরে মার্কিন কনস্যুলেটে একই ধরনের হামলা চালিয়েছিল তালেবান। এতে চারজন আফগান নিহত হলেও হামলাকারীরা কনস্যুলেট প্রাঙ্গণে ঢুকতে পারেনি।