আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের সামনে হামলার পর একটি শিশুকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন পুলিশের এক সদস্য ষ ছবি: এএফপি
জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের সামনে হামলার পর একটি শিশুকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন পুলিশের এক সদস্য ষ ছবি: এএফপি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ভারতীয় কনস্যুলেট লক্ষ্য করে গতকাল শনিবার সকালে আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। একাধিক বিস্ফোরণে এক শিশুসহ অন্তত নয়জন বেসামরিক লোক নিহত হয়। তবে ভারতীয় কর্মকর্তাদের সবাই অক্ষত রয়েছেন।
জালালাবাদ শহরের একটি মসজিদ ও একাধিক বেসরকারি ভবন ও আশপাশের কয়েকটি দোকান ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। কট্টরপন্থী সংগঠন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় অস্বীকার করেছেন। নাংগারহার প্রদেশের মুখপাত্র আহমদজিয়া আবদুলজাই বলেন, কনস্যুলেট ভবনের কাছাকাছি এসে একটি মোটরগাড়ি বিস্ফোরিত হয়।
আফগানিস্তানে চলতি রমজান মাসে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় জঙ্গি হামলা। ভারতীয় কনস্যুলেটই ওই হামলার লক্ষ্য ছিল বলে স্থানীয় পুলিশপ্রধান শরিফ আমিন নিশ্চিত করেছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘জঘন্য’ ঘটনা আখ্যা দিয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন নয়াদিল্লি থেকে এক টুইটার বার্তায় বলেন, কনস্যুলেটের কর্মকর্তারা সবাই অক্ষত রয়েছেন।
২০০১ সালে তালেবান সরকারের পতনের পর আফগানিস্তানকে এ পর্যন্ত অন্তত ২০০ কোটি মার্কিন ডলারের সহায়তা দিয়েছে ভারত। যুদ্ধবিধ্বস্ত দেশটির অবকাঠামো পুনর্গঠন কার্যক্রমে ভারত বড় ভূমিকা রাখছে।
আফগানিস্তানে ২০০৮ সালে ভারতীয় দূতাবাসে এক গাড়িবোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়। এ ছাড়া ২০১০ সালে একটি অতিথিশালায় এক আত্মঘাতী হামলায় ভারতীয় সাত নাগরিকসহ ১৬ জন নিহত হয়।

পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থিত জালালাবাদ শহরটিতে জঙ্গিদের শক্তিশালী অবস্থান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে সন্ত্রাসী হামলার হার বেড়েছে। গত শুক্রবার নাংগারহারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবান জঙ্গিদের সংঘর্ষ হয়। এতে তালেবানের ৭৬ জন এবং পুলিশের ২২ সদস্য নিহত হন। এএফপি ও বিবিসি।