আফগানিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে ষ ছবি: বিবিসি
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে ষ ছবি: বিবিসি

পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে মার্কিন কনস্যুলেটে গতকাল শুক্রবার ভোরে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই পুলিশ ও একজন নিরাপত্তা রক্ষীর পাশাপাশি কয়েকজন জঙ্গি নিহত হয়। তবে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদে রয়েছেন।
কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেবলে উল্লেখকরেছে।একসময় আফগানিস্তানের ক্ষমতা দখল করা সংগঠন তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
হামলা শুরু হয় কনস্যুলেটের ফটকের বাইরে একাধিক গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে। বিস্ফোরণে ফটকটি উড়ে যায়। পরে জঙ্গিরা
গুলি ছুড়তে ছুড়তে কনস্যুলেট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক রয়েছে।
অস্থিতিশীল আফগানিস্তানের হেরাত শহরটি এমনিতে শান্ত ছিল। এতদিন এ শহরের আশপাশের এলাকায় হামলা চালিয়ে আসছিল তালেবান। এবারই প্রথম সেখানকার মার্কিন কনস্যুলেট ভবনে হামলা চালাল তালেবান। ভবনটি একসময় একটি পাঁচ তারকা হোটেল ছিল।
মার্কিন অভিযানে তালেবান সরকারকে উৎখাতের ১২ বছর পার হয়েছে। এতদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোবাহিনী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু তালেবানের শক্তি ফুরিয়ে যায়নি। বরং বিভিন্ন হামলার মাধ্যমে তালেবান দেখিয়েছে, তারা এখনো বড় ধরনের হামলা পরিচালনার সামর্থ্য রাখে। এতে দেশটির বিষয়ে পাশ্চাত্যের কৌশল নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। আগামী বছর আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। বিবিসি ও এএফপি।