আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান যোদ্ধারা আজ সোমবার আফগানিস্তানে ন্যাটোর পণ্যবাহী কয়েকটি ট্রাক জ্বালিয়ে দেয়। ছবি: বিবিসি
তালেবান যোদ্ধারা আজ সোমবার আফগানিস্তানে ন্যাটোর পণ্যবাহী কয়েকটি ট্রাক জ্বালিয়ে দেয়। ছবি: বিবিসি

পূর্ব আফগানিস্তানে একটি মার্কিন ঘাঁটিতে আজ সোমবার তালেবান যোদ্ধারা হামলা চালিয়েছে। এ সময় দীর্ঘ বন্দুকযুদ্ধে কমপক্ষে তিন হামলাকারী মারা গেছে। বিবিসি বলেছে, নানগারার প্রদেশের তোরখাম ঘাঁটির দিকে যে মহাসড়কটি গেছে, সেটিতে ন্যাটোর পণ্যবাহী কয়েকটি ট্রাকে আগুন দেওয়ার পর তালেবানরা ঘাঁটিতে হামলা চালায়। সরকারি কর্মকর্তারা বলেন, হামলায় কোনো আফগান ও মার্কিন সেনা মারা যায়নি এবং হামলাকারীরা ঘাঁটিতে ঢুকতে পারেনি। তবে কর্মকর্তারা বলছেন, হামলায় আর্থিক ক্ষতির পরিমাণ বিশাল। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ন্যাটোর পণ্যবাহী ট্রাকগুলো মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়। হামলার পর কর্মকর্তারা জালালাবাদ-তোরখাম সড়ক বন্ধ করে দিয়েছেন। তালেবান বাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, হামলার পেছনে তাঁদের হাত ছিল। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সেবাদানকারী বাহিনী (ইসাফ) জানিয়েছে, হামলার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আজ সকালের ঘটনায় আমাদের মূলায়ন হলো, নানগারার প্রদেশে আমাদের অগ্রবাহিনীর ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত; কিন্তু শত্রুপক্ষের আক্রমণ ব্যর্থ হয়েছে।’ ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৬৬ হাজার সেনা থাকতেন। তাঁরা বিশ্বের অন্য রাষ্ট্রের সেনাদের নিয়ে আফগানিস্তানের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কর্মকর্তারা বলেন, ঘাঁটিটি ন্যাটোর পণ্যবাহী যান রাখার একটি গুরুত্বপূর্ণ আস্তানা। সম্প্রতি আফগানিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা চলছে। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।

কাবুল থেকে বিবিসির প্রতিবেদক কারেন অ্যালেন জানান, অনেকের ধারণা, এসব সহিংসতার পেছনে তালেবানের হাত আছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তাই তালেবানরা তাদের অস্তিত্ব জানান দেওয়ার পাশাপাশি আফগান বাহিনীর সক্ষমতা পরীক্ষা করে দেখছে।