আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গতকাল রোববার একটি মার্কিন বিমানঘাঁটিতে তালেবান জঙ্গিরা বড় ধরনের আত্মঘাতী হামলা চালিয়েছে। এ ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন আত্মঘাতী হামলাকারী, তিনজন আফগান নিরাপত্তাপ্রহরী ও দুজন বেসামরিক লোক। আফগান গোয়েন্দা কর্মকর্তারা জানান, নয় জঙ্গি ওই মার্কিন-আফগান যৌথ বিমানঘাঁটিতে হামলা চালায়। তাদের সবাই মারা গেছে।পুলিশের কর্মকর্তারা জানান, কয়েকজন জঙ্গি দুটি গাড়িতে করে বিস্ফোরক নিয়ে জালালাবাদের ঘাঁটির ফটকের সামনে গিয়ে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তারক্ষীরাও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে তারা গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় অন্য জঙ্গিদের গুলি করে হত্যা করা হয়। ন্যাটোর হেলিকপ্টার থেকেও জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তালেবান দাবি করেছে, জঙ্গিরা ওই ঘাঁটির ভেতরে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছে। ন্যাটোর একজন মুখপাত্র বলেছেন, আত্মঘাতী হামলায় তাঁদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে কোনো জঙ্গিই ঘাঁটির ভেতর প্রবেশ করতে পারেনি। বিবিসি।