আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে হামলায় চার সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে তালেবানের হামলায় আজ বুধবার চার সেনা নিহত হয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

আগামী বৃহস্পতিবার থেকে কাতারের দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসার ঘোষণা দেওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটল।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাঁরা আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বাগরাম বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। বাগরাম ঘাঁটি লক্ষ্য করে তাঁরা দুটি বড় রকেট নিক্ষেপ করেছেন।

আফগানিস্তানে মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি এই বাগরাম বিমানঘাঁটি।

দোহায় তালেবানের খোলা প্রথম বৈদেশিক কার্যালয়ে আলোচনাটি হবে। তালেবানের সঙ্গে আলোচনার অন্যতম শর্ত ছিল, তাদের সহিংসতা বন্ধ করতে হবে। তবে এই হামলা প্রমাণ করে, আলোচনার পূর্বশর্ত অনুযায়ী তালেবান যুদ্ধবিরতি মানেনি।

মার্কিন কর্মকর্তারা বলেন, প্রথম দিকে দুই পক্ষ মূলত তাদের আলোচ্যসূচি ঠিক করার বিষয়ে আলোচনা করবে। এ ক্ষেত্রে বন্দী বিনিময়ের বিষয়টি আলোচনার ক্ষেত্রে গুরুত্ব পাবে।

এই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, তালেবানকে মূল ধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, তালেবানের সঙ্গে আলোচনার জন্য তাঁর সরকার একটি প্রতিনিধিদল পাঠাবে।

২০১৪ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর দেশটির নিরাপত্তার দায়িত্ব পালন করবে নিরাপত্তা বাহিনীগুলো।