আফগানিস্তানে মার্কিন লক্ষ্য অপূর্ণই রয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা করেছেন৷ তাঁর ঘোষণা অনুযায়ী, ২০১৬ সালের পর কোনো মার্কিন সেনা আর সে দেশে থাকবে না৷ পরিস্থিতি কোনো নাটকীয় মোড় না নিলে এটা বলা যায় যে ঘোষিত লক্ষ্য অপূর্ণ রেখে আংশিক বিজয় নিয়েই দুর্গম রণাঙ্গনের সমাপ্তি টানতে হবে যুক্তরাষ্ট্রকে৷ কোরিয়া, ভিয়েতনাম ও ইরাকের পর আফগানিস্তানেও মার্কিন ‘বিজয়’ নিয়ে তাই এখনই বিতর্ক শুরু হয়ে গেছে৷
১৩ বছর টানা যুদ্ধে আফগান রণাঙ্গনে দুই হাজার ৩০০ মার্কিন সেনার প্রাণহানি ঘঠেছে৷ ১০ হাজারের বেিশ আমেরিকান আহত হয়েছেন প্রলম্বিত এ যুদ্ধে৷ তালেবান সরকারকে হঠিয়ে মার্কিন সমর্থকদের দিয়ে সরকার গঠন করলেও আফগানিস্তানে কোনো স্থিতিশীলতা আসেনি৷ মার্কিন তত্ত্বাবধানে সরকারকাঠামো চালু থাকলেও কার্যকর জনসম্পৃক্ত সরকার আফগানিস্তানে এখনো সুদূরপরাহত বলেই মনে করা হচ্ছে৷
ক্ষমতা থেকে অপসারণ করা হলেও যুক্তরাষ্ট্রের পক্ষে আফগানিস্তানকে তালেবানমুক্ত করা সম্ভব হয়নি৷ নিকট ভবিষ্যতেই তালেবান আবার ক্ষমতায় আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এ ছাড়া দেশটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষকেরা৷ প্রেসিডেন্ট বারাক ওবামা এর মধ্যে বলেই দিয়েছেন, যথার্থ আফগানিস্তান গঠন আমেরিকার দায়িত্বের মধ্যে পড়ে না৷
ওবামার ওই বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে খোদ আমেরিকাতেই৷ মার্কিন রক্ষণশীলদের মতে, প্রেসিডেন্ট ওবামা তড়িঘড়ি করেই আফগানিস্তান ত্যাগ করছেন৷ এখনই সেনা প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে৷ যুক্তরাষ্ট্র কংগ্রেসের িস্পকার জন বয়েনার সেনা প্রত্যাহারের বিরোধিতা করে বলেছেন, আফগানিস্তানে মার্কিন লক্ষ্য এখনো অর্জিত হয়নি৷
ইরাকের ভুলের পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্র আফগানিস্তানেও করতে চলেছে মন্তব্য করে কংগ্রেসে আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান বাক ম্যাককয়েন বলেছেন, এখনই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা শুরু হবে৷ আবারও আন্তর্জাতিক জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হবে দেশটি৷ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে৷
সেনা প্রত্যাহারের ঘোষণার সমালোচনা করে ১৯৭৩ সালে ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহারের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বিশ্লেষকরা৷ তাঁদের আশঙ্কা করছেন, মার্কিন তত্ত্বাবধানে গড়ে তোলা নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হবে৷ ওই পরিস্থিতিতে অচিরেই মার্কিনবিরোধীরা ক্ষমতায় ফিরে আসবে৷ পাকিস্তানসহ অন্যান্য স্থানে ঘাপটি মেরে বসে থাকা জঙ্গিগোষ্ঠীর দ্রুত প্রত্যাবর্তন ঘঠবে আফগানিস্তানে৷
বিন লাদেন হত্যা, তালেবানদের ক্ষমতাচ্যুত করা, আল-কায়েদার শক্তিকে দুর্বল করাসহ নানা ব্যাখ্যায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আংশিক বিজয় অর্জিত হয়েছে বলে সরকারের তরফ থেকে হয়তো বলা হবে৷ কিন্তু ২০১৬ সালে শেষ মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রও দৃঢ়তার সঙ্গে পূর্ণাঙ্গ বিজয় দাবি করতে পারবে না—এ কথা বলাবলি হচ্ছে খোদ মার্কিন মুলুকেই৷ গত শতকের আশির দশকে কিংবা তারও আগে উিনশ শতকে ব্রিটিশরাও আফগানিস্তানে যুদ্ধ করে বিজয় দাবি করতে পারেনি৷