আফগানিস্তানে মার্কিন সেনার গুলিতে নিহত ১৬
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে গতকাল রোববার এক মার্কিন সেনার নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন পাঞ্জাওয়ি এলাকার স্থানীয় ওই বহুজাতিক সেনাঘাঁটির সামনে বিক্ষোভে ফেটে পড়েন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।আফগানিস্তানে মোতায়েন ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স (আইএএসএফ) এক বিবৃতিতে বলেছে, ‘কান্দাহারে গুলি চালিয়ে বেসামরিক ব্যক্তিদের হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।’ এ বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ‘এক মার্কিন সেনা তাঁর ঘাঁটি থেকে বের হয়ে সোজা লোকজনের ওপর গুলি চালানো শুরু করেন। এরপর ঘাঁটিতে ফিরে যান। পরে তাঁকে আটক করা হয়।’ তবে অন্য একটি সূত্র বলেছে, গুলি চালানোর পর ওই সেনা নিজেই মার্কিন সামরিক কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।ন্যাটো একে ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’ আখ্যায়িত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছে। জোটটি বলেছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এর তদন্ত করা হবে। বিবিসির সংবাদদাতা কুয়েনটিন সমারভিল কাবুল থেকে বলেন, ওই সেনা রোববার সকালে ঘাঁটি থেকে বের হয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে পড়েন ও বেপরোয়া গুলি চালানো শুরু করেন। তিনি মানসিকভাবে অসুস্থ বলে মনে করা হচ্ছে।’স্থানীয় উপজাতীয় নেতারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ঘটনার প্রতিবাদে ওই মার্কিন সেনাঘাঁটির সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন লোকজন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার দূতাবাসের কর্মীদের ওই এলাকায় ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।গত মাসে আফগানিস্তানে ন্যাটোর একটি ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে যখন তীব্র মার্কিনবিরোধী মনোভাব বিরাজ করছে, ঠিক এমন সময় এ ঘটনা ঘটল।গতকালের হত্যাকাণ্ডের স্থান ক্ষমতাচ্যুত তালেবানের সাবেক শক্তিশালী ঘাঁটি কান্দাহারে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। পাশাপাশি তালেবানও দেশব্যাপী ন্যাটোবিরোধী তৎপরতা ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারের বিরুদ্ধে বিদ্রোহী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে নড়বড়ে কারজাই সরকারের সহযোগিতায় নিয়োজিত রয়েছে মার্কিন নেতৃত্বাধীন প্রায় এক লাখ ৩০ হাজার সেনা। এএফপি ও বিবিসি।