আফগান যুদ্ধে তালেবান জঙ্গিদের ব্যবহূত তাৎক্ষণিকভাবে তৈরি বোমা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সেখানে ৩০০ কোটি ডলারের যন্ত্রপাতি পাঠাতে যাচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা তাৎক্ষণিকভাবে তৈরি এ বোমা বিদেশি সেনাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে তালেবানদের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। ওই বোমার আঘাতে এ বছর আফগানিস্তানে ৩৩০ জন বিদেশি সেনা নিহত হয়েছে, যাদের অধিকাংশ মার্কিন। এ বোমা তৈরি করা সহজ, কিন্তু এর অবস্থান শনাক্ত করা কঠিন। রাস্তার পাশে পুঁতে রেখে রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে এর বিস্ফোরণ ঘটানো যায়।মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি অ্যাশটন কার্টার জানিয়েছেন, ওই বোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি পাঠাতে যাচ্ছে। এগুলোর সঙ্গে থাকবেন প্রায় এক হাজার আইইডি বিশেষজ্ঞ। এ ছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও এ দলে থাকবেন।অ্যাশটন জানান, আইইডি তৈরির মূল উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট সার আসে পাকিস্তান থেকে। আফগান কর্তৃপক্ষ জমিতে এ সারের ব্যবহার নিষিদ্ধ করলেও চোরাই পথে তা আসা অব্যাহত রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান ওই সারসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্যের উৎপাদন ও বিক্রি বন্ধ করার জন্য এরই মধ্যে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। পাকিস্তান এতে ইতিবাচক সাড়াও দিয়েছে বলে অ্যাশটন জানান। এএফপি।