আফগানিস্তানে রকেট হামলা ও বন্দুকযুদ্ধের মধ্যে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার মধ্য দিয়ে গতকাল শনিবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রদেশে জঙ্গিরা রকেট হামলা চালিয়েছে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বন্দুকযুদ্ধও হয়েছে তাদের। এসব ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। আতঙ্কে নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটার-উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে অনেকেই একটি স্থিতিশীল আফগানিস্তানের প্রত্যাশায় ভোট দিয়েছেন ব্যাপক উৎসাহে। খবর বিবিসি ও রয়টার্সের।প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জন্য এ নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়েই কারজাইয়ের প্রতি আফগান জনগণের আস্থা প্রমাণিত হবে। ফের নির্বাচিত হলে হামিদ কারজাই আফগানিস্তানের শাসন ও সমাজব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন।আফগান পার্লামেন্টের নিম্নকক্ষ ওলেসি জিরগার ২৪৯টি আসনে এবার আড়াই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল ৩৪টি প্রদেশে প্রায় ছয় হাজার কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নিরাপত্তাজনিত কারণে অন্তত এক হাজার ভোটকেন্দ্র ছিল বন্ধ। কর্মকর্তারা জানান, বাঘলান প্রদেশের একটি ভোটকেন্দ্রের পাশে তালেবানরা রকেট হামলা চালিয়েছে। এতে একজন সেনা সদস্য ও পাঁচজন সরকার-সমর্থিত মিলিশিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।বালখ প্রদেশে অপর এক রকেট হামলার ঘটনায় মারা গেছেন তিনজন বেসামরিক ব্যক্তি। আহত হয়েছেন কমপক্ষে চারজন। উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশের একটি নির্বাচনী কেন্দ্রও তালেবানের হামলার শিকার হয়েছে। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রাজধানী কাবুলে গতকাল ভোরের দিকে হামলা চালায় জঙ্গিরা। প্রেসিডেন্ট প্রাসাদ ও ন্যাটো সদর দপ্তরের কাছে দেশটির সরকারি টেলিভিশন কেন্দ্রের বাইরে এ হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জালালাবাদ প্রদেশের দুটি ভোটকেন্দ্র হামলার শিকার হয়েছে। প্রদেশের তিনটি স্থানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধও হয়েছে।কান্দাহারের গভর্নর তুরিয়ালাই ওয়েসার গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। তিনি একটি ভোটকেন্দ্রে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হননি। কুন্দুজ প্রদেশেও রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানে আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে।নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, অনেকে ভুয়া কার্ড ব্যবহার করে ভোট দিয়েছেন। তা ছাড়া ভোটকেন্দ্রে ব্যবহূত অমোচনীয় দাগ নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, ভোটারদের আঙুলে ছাপ দিতে যে কালি ব্যবহার করা হয়েছে তা অমোচনীয় ছিল না। পানিতে তা মুছে ফেলা সম্ভব।এ ব্যাপারে আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে গ্লেন কাওয়ান বলেছেন, ভোট জালিয়াতির কথা তিনি শুনেছেন। তবে তা কোনো ‘কৌশলগত সমস্যা’ সৃষ্টি করবে না বলে তিনি মন্তব্য করেন। নির্বাচন পর্যবেক্ষণে সংস্থাটির পক্ষ থেকে ৮০ জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।সহিংসতা সত্ত্বেও গতকাল নির্বাচনী কেন্দ্রগুলো যথাসময়ে খুলেছে। অনেকে প্রচণ্ড আগ্রহ আর আশা নিয়ে ভোটকেন্দ্রে গেছেন। কাবুলে একটি ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ৫০ বছরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ হুসমান বলেছেন, ‘আমি এখানে এসেছি, কারণ আমি আফগানিস্তানের ভবিষ্যৎ চাই। আমি একটি স্থিতিশীল আফগানিস্তান চাই। এ নির্বাচনের মধ্য দিয়ে আফগানরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে—এটাই আমার বিশ্বাস।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা ও প্রতারণা নিয়ে আমি উদ্বিগ্ন। আশা করি, আমি যাকে ভোট দিয়েছি ভোটটি তাঁর পক্ষেই গণনা করা হবে।’বহুকাঙ্ক্ষিত এ নির্বাচনের প্রাথমিক ফলাফল আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করার কথা রয়েছে। আর চূড়ান্ত ফল ঘোষণা করার কথা ৩১ অক্টোবর।