আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চার মাসেরও বেশি সময় পর গতকাল বুধবার নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁদের শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের হুমকির মুখে শপথ অনুষ্ঠান আহ্বানে বাধ্য হন প্রেসিডেন্ট কারজাই। তবে নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত চলাকালে শপথ নেওয়ার বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।আফগানিস্তানে গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বিশেষ নির্বাচনী আদালতের মাধ্যমে এসব অভিযোগ তদন্তের উদ্যোগ নেন প্রেসিডেন্ট কারজাই। এ কারণে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান আহ্বান করতে সময় নেন তিনি। তবে তদন্তকাজ শেষ হওয়ার আগেই অধিবেশন ডাকতে বাধ্য হলেন কারজাই। নবনির্বাচিত সদস্যরা কারজাইয়ের তদন্তের উদ্যোগের বিরোধিতা করে এটিকে অসাংবিধানিক বলে অভিহিত করেন। তাঁরা ওই উদ্যোগকে প্রেসিডেন্টবিরোধীদের পরাজিত করার ষড়যন্ত্র বলেও আখ্যা দেন। এর আগে পার্লামেন্ট সদস্যরা হুমকি দেন, প্রয়োজনে প্রেসিডেন্টকে ছাড়াই শপথ অনুষ্ঠান শুরুর উদ্যোগ নেবেন তাঁরা।২৪৯ সদস্যবিশিষ্ট আফগানিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ওলাসি জিরগার অধিবেশন গত রোববার শুরু হওয়ার কথা ছিল। গতকাল শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে এক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার আপাত সমাধান হলো বলে মনে করা হচ্ছে। তবে অনেকের মতে, নির্বাচনের অভিযোগ তদন্ত চলাকালে এই শপথ অনুষ্ঠান দেশটির রাজনৈতিক সংকটকে রাজপথে নিয়ে আসতে পারে।নির্বাচনী আদালতের বিচারকেরা বলেছেন, তাঁরা ভোট পুনর্গণনা বা প্রয়োজনে ফল বাতিল করার ক্ষমতা রাখেন। তাঁরা জানান, পার্লামেন্টের ৫৯টি আসনের নির্বাচনের ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ফলে এসব আসনে ফল পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে।পার্লামেন্ট অধিবেশন উপলক্ষে রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। নবনির্বাচিত সদস্যদের অনেকেই দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে পার্লামেন্টে আসেন। প্রেসিডেন্ট কারজাই শপথবাক্য পাঠ করানোর পর নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের অভিনন্দন জানান। শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস উপস্থিত ছিলেন। এএফপি, বিবিসি, রয়টার্স।