আফগানিস্তানে রাতে অভিযান চলবে: ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে রাতে ন্যাটো বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিরোধিতা সত্ত্বেও ন্যাটো গতকাল সোমবার এ ঘোষাণা দিয়েছে। ন্যাটোর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কারসটেন জ্যাকবসন বলেন, আফগানিস্তানে সংস্থাটির বিশেষ বাহিনীর রাতব্যাপী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিযান আরও জোরদার করা হবে। আফগানিস্তানে রাতে বিদেশি সেনাদের অংশগ্রহণে পরিচালিত এসব অভিযানে হত্যা ও ধরপাকড় চলে। এসব অভিযান দেশটির জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। প্রেসিডেন্ট কারজাইও রাতের আঁধারে আফগানদের বাড়িঘরে এভাবে বিদেশি সেনাদের ঢুকে পরা বন্ধের দাবি জানিয়েছেন।গত শনিবার পাকতিকা প্রদেশে রাত্রিকালীন অভিযানে প্রদেশের মাদক দমন বিভাগের প্রধান হাফিজুল্লাহর অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হওয়ার পর কারজাই এ দাবি জানান। তিনি বলেছেন, রাত্রিকালীন অভিযান বেসামরিক লোকজনের জীবনকে বিপন্ন করে তোলে।তবে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর কর্মকর্তাদের দাবি, জঙ্গিদের ধরতে পরিচালিত এ অভিযানে সবচেয়ে নিরাপদ উপায় অবলম্বন করা হয়। জ্যাকবসন জানান, রাতের এসব অভিযানের ৮৫ শতাংশ ক্ষেত্রেই কোনো গুলি ছোড়া হয় না। এ ছাড়া অভিযানে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার হারও মাত্র এক শতাংশ। এপি, এএফপি।