আফগানিস্তানে শান্তি নতুন প্রত্যাশা
আফগানিস্তান পরিস্থিতি সারা বছর ধরেই উত্তেজনাপূর্ণ ছিল। কিন্তু ২০১২ সালের শেষ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আকস্মিক বৃদ্ধির মধ্য দিয়ে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা আবার বেড়েছে। পাকিস্তানি সাংবাদিক ও লেখক আহমেদ রশিদ এমনটাই মনে করেন। নতুন আশার কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার (আইএসআই) অবস্থানের নাটকীয় পরিবর্তন। তারা তালেবানকে সংলাপে বসতে বাধ্য করতে প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে। আফগান সরকার, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সঙ্গে উদ্ধত আচরণকারী তালেবান বিদ্রোহী ও নেতাদের প্রায় ১০০ জনকে এ বছর বন্দী করা হয়েছে। তবে আইএসআই চলতি মাসে তাঁদের ১৯ জনকে মুক্তি দিয়েছে এবং বাকিদেরও ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওই বন্দীদের মধ্যে তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদারও রয়েছেন। তালেবানের সঙ্গে কাবুলের সংলাপ আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের শুরুতে একটি অস্ত্রবিরতি চুক্তি সম্পাদন নিশ্চিত করতে চায়। এতে করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর পক্ষে ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে শান্তিপূর্ণ সেনা প্রত্যাহার সম্ভব হবে এবং পরে দেশটিতে সম্ভাব্য গৃহযুদ্ধ এড়ানো যাবে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অন্যান্য দেশের আয়োজনে ২০১২ সালের দ্বিতীয় ভাগে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে। তালেবানের প্রতিনিধিরাও আফগান সরকারের সঙ্গে জাপান ও প্যারিসে বৈঠক করেছেন। তবে কোনো আলোচনাই খুব ফলপ্রসূ হয়নি। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাতারে তালেবানের একটি যোগাযোগ দপ্তর চালুর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ ছাড়া আফগানিস্তান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ রয়েছে। মার্কিন সামরিক বাহিনী তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, তালেবানের সঙ্গে সংলাপে বসতে রাজি নয়। এদিকে সংলাপ নিয়ে তালেবানের অভ্যন্তরেও দ্বন্দ্ব রয়েছে। সার্বিক পরিস্থিতিতে তালেবান প্রসঙ্গ ও আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো নতুন বছরে নতুন কৌশল গ্রহণের পরিকল্পনা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিবিসি।