আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ভারত ও রাশিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পরিকল্পনার বিষয়ে দেশ দুটির মূল্যায়নে মতভিন্নতা রয়েছে। আফগানিস্তান বিষয়ে সদ্য অনুষ্ঠিত আলমাতি সম্মেলনে বিষয়টি উঠে এসেছে।কাজখস্তানের আলমাতি শহরে গত শুক্রবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণ শেষে রাশিয়ায় পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ‘কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে ভারত ও রাশিয়ার দৃষ্টিভঙ্গির মধ্যে শক্ত একমুখিতা রয়েছে।’ তিনি বলেন, ‘ভারত ও রাশিয়া মনে করে যে শান্তি ও ঐক্যের প্রক্রিয়া হতে হবে আফগানিস্তানের মালিকানা ও নেতৃত্বেই। আপনি প্রস্তুত করা একটা সমাধান চট করে দিয়ে দিতে পারেন এবং তাদের তা বাস্তবায়ন করতে বলতে পারেন। তবে সমাধানটা আসতে হবে আফগানিস্তানের ভেতর থেকেই।’আফগান শান্তি পরিকল্পনা নিয়ে ভারতের মতোই দৃষ্টিভঙ্গি পোষণ করে রাশিয়া। আলমাতি সম্মেলনের আগে আফগানিস্তানে দেশটির শীর্ষ কূটনীতিক জামির কাবুলোভ বলেন, ‘আমরা ঐক্যের প্রক্রিয়াকে সমর্থন করি। তবে এটা আফগানিস্তানের নেতৃত্বেই হতে হবে। তাদেরই এটা পরিচালনা করতে হবে। তালেবান গোষ্ঠী আমেরিকান, ব্রিটিশ বা অন্য কারও সঙ্গে আলোচনা করবে এবং তারা তখন (হামিদ) কারজাই সরকারের সঙ্গে যোগাযোগ করবে, এটা সঠিক নয়।’আফগানিস্তানে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকা নিয়ে ভারত অবশ্য উদ্বিগ্ন। তবে ভারত ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্য রয়েছে দেশটি থেকে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (ইসাফ) প্রত্যাহার নিয়ে। আলমাতি সম্মেলনে বক্তৃতাকালে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলোভ জাতিসংঘের অনুমতি ছাড়া আফগানিস্তানে সামরিক উপস্থিতি অব্যাহত রাখার মার্কিন পরিকল্পনাকে তুলাধুনা করেন। মস্কো দাবি করছে, আফগানিস্তানে যদি ন্যাটো বাহিনী তাদের অবস্থান অব্যাহত রাখতে চায়, ন্যাটো দেশগুলোর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছ থেকে এ বিষয়ে নতুন করে অনুমতি নিতে হবে। তবে রাশিয়ার এই দাবিকে সমর্থন করে না ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ বলেন, যেখানে আফগানিস্তানের বিষয়ে পরিষ্কারভাবেই চূড়ান্ত রূপরেখা আঁকা হয়ে গেছে, সেখানে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সহায়তা করা ছাড়া নিরাপত্তা পরিষদের আর কিছুই করার নেই।