আফগানিস্তানে সিআইএর ‘ভুতুড়ে অর্থ’
বছরের পর বছর ধরে পাচার হচ্ছে লাখ লাখ ডলার। স্যুটকেস, ব্যাকপ্যাক ও প্লাস্টিকের শপিং ব্যাগে করে যাওয়া এ বিপুল পরিমাণ অর্থের গন্তব্য—আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়। আর এই অর্থ পাঠাচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।১০ বছরের বেশি সময় ধরে এই অর্থ কারজাইয়ের কার্যালয়ে যাচ্ছে বলে নিউইয়র্ক টাইমস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে। কারজাইয়ের সাবেক ও বর্তমান উপদেষ্টাদের বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনে এই অর্থকে তথাকথিত ‘ভুতুড়ে অর্থ’ বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ অর্থ পাঠানোর পেছনে সিআইএর লক্ষ্য হচ্ছে, আফগানিস্তানে মার্কিন প্রভাব বিস্তার। কিন্তু পরিণামে বরং দেশটিতে দুর্নীতি বেড়েছে। যুদ্ধবাজ আফগান নেতারা ক্ষমতাবান হয়েছেন। একই সঙ্গে আফগানিস্তান থেকে ওয়াশিংটনের বেরিয়ে আসার কৌশলও ক্ষতিগ্রস্ত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা নিউইয়ক টাইমসকে বলেন, আফগানিস্তানে দুর্নীতির সবচেয়ে বড় উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র। হামিদ কারজাইয়ের কার্যালয়ে নগদ অর্থ পাঠানোর ব্যাপারে অবশ্য পত্রিকাটির সঙ্গে কথা বলতে রাজি হয়নি সিআইএ। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কারজাই বা তাঁর কার্যালয়েরও কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত কারজাইয়ের কার্যালয়ে চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা খলিল রোমান বলেন, ‘কারজাইয়ের দপ্তরে এই অর্থকে আমরা ‘ভুতুড়ে অর্থ’ হিসেবে জানি। এই অর্থ গোপনে এসে গোপনেই বেরিয়ে গেছে।যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো অভিযান শুরু হওয়ার পর থেকে সিআইএ বিভিন্ন প্রয়োজনে আফগান প্রশাসনকে অর্থ সহায়তা দিয়ে আসছে। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা যায়, হামিদ কারজাইয়ের কার্যালয়ে নগদ অর্থ দেওয়াটাও নিয়মিত মার্কিন সাহায্যের অংশ। এটি গোপন কোনো বিষয় নয়। এমনকি যুক্তরাষ্ট্রের আইন মেনেই এ অর্থ সহায়তা চালু করা হয়। প্রতিবেদনে বলা হয়, সিআইয়ের এই অর্থ কারজাই ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন—এমন কোনো প্রমাণ অবশ্য নেই। সিআইয়ের কাছ থেকে অর্থ আসার পর তা আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়।অনেক মার্কিন কর্মকর্তাই আফগান প্রেসিডেন্টের কাছে এই অর্থ আসার বিষয়টি জানেন। এমনকি বেশ কয়েকজন আফগান কর্মকর্তারও এ বিষয়ে ধারণা রয়েছে। তাঁদেরই কয়েকজন নিউইয়র্ক টাইমসকে জানান, কারজাইয়ের ঘনিষ্ঠ মহলে নিজেদের প্রভাব ধরে রাখতে সিআইএ এই অর্থের জোগান দেয়। অর্থ জোগানের আরও একটি লক্ষ্য—আফগান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। প্রতিবেদনে বলা হয়, এই অর্থের একটা বড় অংশ চলে গেছে আফগানিস্তানের যুদ্ধবাজ গোষ্ঠীপ্রধানদের হাতে। রাজনীতিকেরাও এই অর্থের ভাগ পেয়েছেন। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এই অর্থের একটা বড় অংশ তালেবান নেতাদের হাতেও চলে গেছে।কয়েকজন মার্কিন ও আফগান কর্মকর্তা জানান, সিআইএ এই অর্থের মাধ্যমে বিভিন্ন যুদ্ধবাজ গোষ্ঠীকে মদদ দিয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের। এর মাধ্যমে সিআইএ মার্কিন সরকারকেও বিপদের মধ্যে ফেলেছে।২০১০ সালে ইরান থেকে ব্যাগভর্তি অর্থ পেয়েছিলেন হামিদ কারজাই। আফগানিস্তানে ইরানি সহায়তার অংশ হিসেবে কারজাই এ অর্থ পান বলে তিনি জানিয়েছিলেন। নিউইয়র্ক টাইমস।